'ভোট না পাওয়ায় টাকা ফেরত নিতে সুবিধা হবে'
দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে ১২ নম্বর ওয়ার্ডে (নবাবগঞ্জ-ঘোড়াঘাট) সদস্য পদের প্রার্থী মো. শাহ আলমগীর হোসেন একটি ভোটও পাননি। এখানে ৪৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন একরামুল হক।
ফল ঘোষণার পর শাহ আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘একটি ভোটও না পেয়ে একদিক দিয়ে সুবিধা হয়েছে। যাঁদের টাকা দিয়েছি, তাঁদের প্রত্যেকের কাছ থেকে টাকা ফেরত নিতে পারব। যদি একটি ভোট পেতাম, তা হলে সবাই বলত ওই ভোটটা তিনিই দিয়েছেন। বড় বাঁচা বেঁচে গেছি।’ তিনি আরও বলেন, নির্বাচনে তাঁর প্রস্তাবকারী ছিলেন নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হারুন উর রশীদ ও সমর্থনকারী ছিলেন বিনোদনগর ইউপির সদস্য সোহেল রানা। এ দুজনও তাঁকে ভোট দেননি। শাহ আলমগীর নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।
নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা মো. এনামুল হক চৌধুরী বলেন, এ ওয়ার্ডে সদস্য পদে চারজন প্রার্থী ছিলেন। ১০৭ ভোটের মধ্যে ১০৬টি ভোট সংগ্রহ হয়েছে। এতে শাহ আলমগীর কোনো ভোট পাননি। একরামুল হক ৪৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এ ছাড়া সাদেকুল ইসলাম ২৮টি ও আবদুর রাজ্জাক ৩৩টি ভোট পেয়েছেন।