'ভোটগ্রহণ বন্ধ করতে বাধ্য হয়েছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাত-আট জন লোক এসে হুমকি-ধামকি দেওয়ায় ভোটগ্রহণ বন্ধ করতে বাধ্য হয়েছি।’ এই অসহায়ত্ব প্রকাশ করেছেন ভোটকেন্দ্রের একজন প্রিসাইডিং কর্মকর্তা। তিনি আজ মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের মানিকনগর মডেল হাইস্কুল ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, বিএনপির বিদ্রোহী ও পলাতক প্রার্থী শামসুল হক কাজলের সমর্থকেরা আজ বেলা ১১টার দিকে আওয়ামী লীগ-সমর্থিত কমিশনার প্রার্থী আবদুল বাসিত বাচ্চুর লোকজনের বিরুদ্ধে জালভোট দেওয়ার অভিযোগ তুলে হইচই শুরু করে। তাদের ওপর চড়াও হয় বাচ্চুর সমর্থকেরা। এক পর্যায়ে তা সংঘর্সে রূপ নেয় এবং গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় পুলিশ কেন্দ্রের ভেতরে ঢুকে পড়ে।
ওই সময় সেখানকার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা মো. ফারুক পরে প্রথম আলোকে বলেন, ‘নিজেদের ও ভোটারদের নিরাপত্তার জন্যই ভেতরে অবস্থান করি।’
সংঘর্ষ ও গোলাগুলির পর এক পর্যায়ে উভয় পক্ষ এলাকা ছেড়ে চলে যায়। এ ব্যাপারে প্রিসাইডিং কর্মকর্তা মো. শাহজাহান বলেন, ‘সাত-আটজন লোক এসে হুমকি-ধামকি দেওয়ায় ভোটগ্রহণ বন্ধ করতে বাধ্য হয়েছি।’ ওরা কারা-জানতে চাইলে তিনি চুপ থাকেন।
পরে ম্যাজিস্ট্রেট কামরুল হাসান ওই ভোটকেন্দ্র পরিদর্শন করেন। প্রিসাইডিং কর্মকর্তাকে পরিস্থিতি অনুকূলে থাকলে ভোট চালুর করার কথা বলে যান তিনি। কিন্তু প্রিসাইডিং কর্মকর্তা দীর্ঘ সময় পরও ভোট চালু করতে চাইছিলেন না।