'ভোগান্তির সড়ক' সংস্কারে উদ্যোগ নিলেন ইউএনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ১০০ গজ সড়ক সংস্কারের অভাবে মাগুরার মহম্মদপুর শহরবাসীর ভোগান্তির শেষ ছিল না। শহরের প্রাণকেন্দ্রের সড়কটুকু সংস্কারে গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজেই উদ্যোগ নিয়েছেন।
স্থানীয় লোকজন বলেন, মহম্মদপুর উপজেলা সদরের প্রাণকেন্দ্রে বাসস্ট্যান্ড এলাকার মাত্র ১০০ গজের মতো সড়ক এক যুগেও সংস্কার করেনি সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এতে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে পথচারীরা। সম্প্রতি কয়েক দিনের বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে অনেকটা স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বাজারের নোংরা আবর্জনা ও পচা কাদা পানিতে সেখানে সয়লাব।
উপজেলা সদরের প্রবেশ পথে এ সড়কটি। এটি উপজেলা শহরের প্রধান সড়কও। এ সড়ক পথে সাধারণ মানুষের পাশাপাশি স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা নিয়মিত চলাচল করে। সবার কাছে সড়কটি ‘ভোগান্তির সড়ক’ নামে পরিচিতি পায়। দুই বছর আগে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে সড়কে ধান লাগিয়ে ও মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু কোনো ফল আসেনি।
সড়কের এ দুরবস্থা দেখে মহম্মদপুরে নতুন যোগ দেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী রওশন ইসলাম আপাতত দুর্দশা লাঘবের উদ্যোগ নেন। তিনি গতকাল দুপুরে সড়কটি সংস্কারের জন্য শ্রমিকদের কাজে লাগান। উপজেলা পরিষদের অভ্যন্তরে একটি ভাঙা ভবনের ইট, বালু ও সিমেন্ট ট্রাকে নিয়ে সড়কের বড় বড় গর্ত ভরাটের কাজ শুরু হয়।
ইউএনও চৌধুরী রওশন ইসলাম বলেন, ‘মহম্মদপুরে এসে উপজেলা সদরের প্রবেশপথের এ সড়কটির এমন বেহাল দশা দেখে অবাক হয়েছি। তাই মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে এ উদ্যোগ নিয়েছি।’
ভুক্তভোগীরা বলছেন, উপজেলার বেশির ভাগ রাস্তাঘাট সংস্কারের দায়িত্ব স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি)। কেবল প্রধান এই সড়কটি সওজের অধীনে রয়েছে। কিন্তু তারা এটি দীর্ঘদিনেও সংস্কার করেনি।
স্থানীয় প্রবীণ সাংবাদিক আবদুল ওয়াহাব বলেন, পায়ে হেঁটে রাস্তাটি পার হওয়া সম্ভব নয়। উপজেলায় ক্ষমতাসীন দলের একাধিক নেতা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আছেন। তাঁরাও সড়কটি সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু কাজ হয়নি।
স্কুলশিক্ষিকা মদিনা বেগম বলেন, দুটি কলেজসহ পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী নিরুপায় হয়ে এই ‘ভোগান্তির সড়কে’ পথ চলে। প্রসূতি মা, রোগী ও বৃদ্ধদের কাছে এ সড়কটি আতঙ্কের।
চিকিৎসা, ব্যবসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও দাপ্তরিকসহ বিভিন্ন কাজে প্রত্যন্ত এলাকা থেকে প্রতিদিন কয়েক হাজার মানুষ উপজেলা শহরে যাতায়াত করে। স্বল্প সময়ে ফরিদপুর ও নড়াইলে যেতেও লোকজন সড়কটি ব্যবহার করে। তাই সড়কটি সংস্কার না হওয়ায় সবাই ভুগছে। ইউএনওর এ উদ্যোগ কিছুটা হলেও তাদের কষ্ট লাঘব করবে।
মাগুরা সওজের নির্বাহী প্রকৌশলী নুরুন্নবী তরফদার প্রথম আলোকে বলেন, ‘সড়কের ওই জায়গা সংস্কার করে কোনো লাভ নেই। কারণ সেখান থেকে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। উপজেলা পরিষদ উদ্যোগ নিয়ে নর্দমা তৈরি করে দিলে আমরা সড়ক সংস্কার করে দেব।’
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফ হুসাইন বলেন, ‘কাজটি সড়ক ও জনপথের। তারা দায় এড়াতে এসব কথা বলছে। উপজেলা পরিষদ থেকে ড্রেন করার কোনো সুযোগ নেই। তারপরও আমরা চেষ্টা করব।’