'ভোট আইসায় হামার কামাই বেশি হইচে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনী প্রচারণায় এবার রিকশাভ্যানের বদলে ইজিবাইক বেশি ব্যবহার করা হচ্ছে। প্রতীক বরাদ্দের পর থেকে ইজিবাইকের ওপর মাইক লাগিয়ে গ্রাম-গঞ্জে ঘুরে প্রতীক ও প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন প্রার্থীর কর্মীরা। পঞ্চম দফায় ২৮ মে এ উপজেলায় ভোট হবে।
মাটিয়ালপাড়া গ্রামের ইজিবাইকচালক তারিকুল ইসলাম (৪০) বলেন, ‘ভোট আইসায় হামার কামাই বেশি হইচে। প্রত্যেক দিন মাইকিং করি এক হাজার টাকা কামাই হয়ছে। জায় হামার গাড়ি ভাড়া নেয়ছে, তায় তিন বেলার খাবারও দেয়ছে। দুটা থাকি রাত আটটা পর্যন্ত মাইকিং করলে এক হাজার টাকাও পাওয়া যায়ছে।’
বুড়িরহাট গ্রামের ইজিবাইকচালক মোশারফ হোসেন ও সিদ্দিকুর রহমান বলেন, নির্বাচনের কারণে এই আয়ের সুযোগ পাচ্ছেন তাঁরা। না হলে সারা দিনেও তাঁদের পাঁচ শ টাকা আয় হতো না।
এদিকে গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে ইকরচালী বাজারে গিয়ে দেখা যায়, রিকশাভ্যানে মাইক যুক্ত করে প্রচারের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন রিকশাচালক মোক্তার হোসেন (৪৫)। তিনি বলেন, ‘আগোত রিকশাত চড়িই ভোটের মাইকিং করছেলো প্রার্থীদের লোকজন। এ্যালা রিকশার বদলে মাইকিংয়ের জন্যে অটোরিকশা ভাড়া নেয়। ওমাক দেয় আট-নয় শ টাকা। হামরা পাই দুই থাকি আড়াই শ টাকা।’
ওই দিন বিকেল চারটার দিকে কুর্শা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের একটি রিকশায় একজন লোককে কলম মার্কার মাইকিং করে ঘুরতে দেখা যায়। এ সময় কথা হয় ওই রিকশাচালক আনারুল হকের সঙ্গে। তিনি বলেন, ‘এখন অটোরিকশার কারণে আমাদের রিকশা মাইকিংয়ে জন্যে ভাড়া নিতে চায় না। কম এলাকা দেখি মেম্বার প্রার্থী মোর রিকশা ভাড়াত নিছে।’
সরকারপাড়া গ্রামের বাসিন্দা হাসিনুর ইসলাম বলেন, এইবার প্রার্থীরা রিকশার চেয়ে অটোরিকশায় মাইক লাগিয়ে বেশি প্রচারণা চালাচ্ছেন। এর আগে রিকশায় চলত এ প্রচারণা।
আলমপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান বলেন, ‘রিকশায় অল্প সময়ে বেশি প্রচারণা চালানো কঠিন। ইজিবাইকে কম সময়ে বেশি এলাকায় প্রচারণা চালানো যায়। তাই নির্বাচনী প্রচারণায় আমার মতো অন্য প্রার্থীরা মাইকিংয়ে এবার ইজিবাইক ব্যবহার করছি।’