'ভোট আগের মতো জমে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আগে মিছিল-মিটিং হতো। এখন মিছিল-মিটিংও নেই। দোকানপাটে বেচাকেনাও নেই। এখন আর ভোট আগের মতো জমে না।’ এই মন্তব্য নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নের ব্যবসায়ী সাহেব আলীর। কাল শনিবার এই ইউনিয়নসহ উপজেলার ১০ ইউনিয়নে নির্বাচন হবে।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বজরা, নদনা, দেওটি, সোনাপুর ও আমিশাপাড়া—এই পাঁচটি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে নির্বাচন নিয়ে কথা হয় ভোটারদের সঙ্গে। সুষ্ঠু নির্বাচন নিয়ে ভোটারদের অনেকেই নিজেদের শঙ্কার কথা বলেছেন। তাঁরা বলছেন, নির্বাচনকে সামনে রেখে বিজিবি, র্যা ব ও পুলিশের টহলের মধ্যেও গত বুধবার রাতে এসব ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
গতকাল দুপুরে নদনা ইউনিয়নের গজারিয়ার দোকানঘর এলাকায় কথা হয় দিনমজুর আবদুর রহিমের সঙ্গে। তিনি বলেন, ‘ভোট নিয়ে আমাদের ভেবে লাভ কি?’ দেওটি ইউনিয়নের মুহুরীগঞ্জ বাজারে কথা হয় রিকশাচালক জাকের হোসেনের সঙ্গে। তিনি বলেন, বিএনপিসহ অন্য দলের প্রার্থীরা প্রচারণা তুলনামূলকভাবে কম করছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ভোটাররা যাতে নিশ্চিন্তে ভোটকেন্দ্রে যেতে পারেন, সে জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নেই বিজিবি, র্যা ব ও পুলিশের সার্বক্ষণিক টহল রয়েছে। নির্বাচনী প্রচারণার সময় কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সোনাপুর ইউনিয়নে বিএনপির প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা অভিযোগ করেন, নির্বাচনের শুরু থেকেই তাঁর সমর্থকদের আওয়ামী লীগের নেতা-কর্মীরা নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছেন। সাধারণ ভোটারদের বলা হচ্ছে, চেয়ারম্যানের ভোট নৌকা মার্কায় প্রকাশ্যে দিতে হবে। এতে ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
একই ধরনের অভিযোগ করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক। তিনি বলেন, উপজেলার সব কটি ইউনিয়নেই তাঁর দলের প্রার্থীরা নানা চাপের মধ্যে রয়েছেন। ঠিকমতো প্রচারণা চালাতে পারছেন না। পোস্টার লাগাতে দেওয়া হয়নি। আবার লাগালেও ছিঁড়ে ফেলা হয়েছে। এরপরও বিএনপির ভোট রয়েছে। সুষ্ঠু ভোট হলে বিএনপির প্রার্থীরাই জিতবে বলে আশাবাদী তিনি।
তবে বিএনপি নেতার এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম। তিনি বলেন, কয়েকটি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিল। তাঁরা সরে যাওয়ায় সব ইউনিয়নেই দলের প্রার্থীদের জয়ের সম্ভাবনা অনেকটা নিশ্চিত। এ অবস্থা দেখে বিএনপির নেতা ও প্রার্থীরা আবোলতাবল বকছেন এবং মিথ্যা প্রচারণায় নেমেছেন।