‘ভোট একটা দিয়ার দরকার তাই দিয়া আসলাম’
‘ভোট একটা দিয়ার দরকার, তাই সকাল সকাল দিয়া আসলাম।’ দৌলতদিয়া ঘাট রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট দিয়ে ফেরার সময় নির্বিকার কণ্ঠে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন দৌলতদিয়া যৌনপল্লির এক ভোটার।গতকাল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। সকাল নয়টার দিকে ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন দৌলতদিয়া যৌনপল্লির ভোটাররা।তাঁদের সঙ্গে কথা বলে জানা গেল, শুধু ভোটের সময় এলে তাঁদের কদর কিছুটা বাড়ে। ভোটের আগে প্রার্থীরা পল্লিতে গিয়ে বাসিন্দাদের নানা ধরনের আশার বাণী শুনিয়ে আসেন, কিন্তু কাজের কাজ কিছু হয় না।নাম প্রকাশ না করার শর্তে যৌনকর্মীরা বলেন, পল্লির তিন শতাধিক বয়স্ক নারী বর্তমানে মানবেতর জীবন যাপন করছেন। পয়োনিষ্কাশন-ব্যবস্থা খুবই খারাপ। এ ছাড়া প্রায়ই খুন, আত্মহত্যা, ছিনতাই, চুরি ও মারামারির ঘটনা ঘটছে। পল্লিতে মাদকের বিস্তার ঘটেছে ভয়াবহ আকারে। প্রভাবশালী কিছু ব্যক্তি রাজনৈতিক ছত্রচ্ছায়ায় এ মাদক-বাণিজ্য চালাচ্ছেন।যৌনকর্মীরা অভিযোগ করেন, মৃত্যুর পর তাঁদের জানাজা পড়ানো হয় না। এ ছাড়া তাঁরা ঠিকমতো স্বাস্থ্যসেবা পান না। পছন্দের প্রার্থীরা তাঁদের এ সমস্যাগুলো দূর করবেন, এ ব্যাপারে তাঁরা খুব একটা আশাবাদী নন। তবুও তাঁরা ভোট দিতে এসেছেন।চেয়ারম্যান পদপ্রার্থী মো. নুরুল ইসলাম মণ্ডল বলেন, তিনি ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে দুইবারের নির্বাচিত সদস্য ছিলেন। পল্লির সমস্যাগুলো তাঁর জানা আছে। এবার নির্বাচিত হলে তিনি পল্লির সমস্যা দূর করার চেষ্টা করবেন।অপর চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল হালিম ফকির বলেন, পল্লির নারীরা দীর্ঘদিন ধরে শোষণ ও নির্যাতনের শিকার। তিনি নির্বাচিত হলে তাঁদের দুঃখ-দুর্দশা দূর করার চেষ্টা করবেন।দৌলতদিয়া ঘাট রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ মো. আবদুল কাদের জানান, ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ১৯ হাজার ৯৫২। এর মধ্যে দৌলতদিয়া যৌনপল্লিতে ভোটার রয়েছে এক হাজার ১৬৭ জন।