'ভোটকেন্দ্রের বাইরের খুনের দায় ইসি নেবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ বলেছেন, ভোটকেন্দ্রের বাইরের খুনের দায় নির্বাচন কমিশন (ইসি) নেবে না। আজ রোববার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চলমান নির্বাচনে আচরণবিধি ও আইনশৃঙ্খলা রক্ষাবিষয়ক এক মতবিনিময় সভা শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

নির্বাচন কমিশনার বলেন, যাঁরা ভোট করছেন, নির্বাচিত হচ্ছেন, ভোটকেন্দ্রের বাইরের খুনের দায় তাঁদেরই নিতে হবে। কারণ, তাঁরা খুনোখুনিতে জড়াচ্ছেন। এসব ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, খুনোখুনি কোনোভাবেই কাম্য নয়। এসব ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সদ্যবিলুপ্ত ছিটমহলযুক্ত ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন স্থগিত করা সম্পর্কে আবু হাফিজ বলেন, বিলুপ্ত ছিটমহলে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হলেই নির্বাচন হবে।
লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করীম ও জেলার পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তারা।