বগুড়ার শিবগঞ্জ পৌরসভার লোকজন ভোট দিয়ে কিছু পান না, তবু ভোট দেন। এবারও তাঁরা ভোট দেবেন। গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের বিভিন্ন শ্রেণি-পেশার বেশ কিছু লোকের সঙ্গে পৌরসভা নির্বাচন নিয়ে কথা বলে তাঁদের এই মনোভাব লক্ষ করা যায়।
গতকাল বুধবার দুপুরে পৌরভবনের পাশে মোস্তাফিজার রহমানের চায়ের দোকান বন্ধ ছিল। সাত-আটজন লোক পৌষের মিষ্টি রোদে অলস আড্ডা দিচ্ছিলেন সেখানে পড়ে থাকা বেঞ্চগুলোতে বসে। পাশেই এক রিকশাচালক তাঁর রিকশাটির অকেজো বেল মেরামতের জন্য কসরত করছিলেন। কবে ভোট হবে তা জানেন কি না, জানতে চাইলে তিনি মাথা নেড়ে সায় দেন। ভোট দিতে যাবেন কি না, তা জানতে চাইলে জবাবে বললেন, যাবেন। যে প্রার্থীকে ভোট দেবেন, তাঁর কাছে কী চান—এই জিজ্ঞাসার উত্তরে ম্লান হেসে বললেন, ‘কী আর চামো ভাই। ভোট দিতে হয়, তাই দেই।’ অল্পক্ষণের মধ্যেই সেখানে আরও কিছু লোক জড়ো হলেন। তাঁরা নির্বাচন নিয়ে কথা বলতে শুরু করলেন।
বন্তেঘরী মহল্লার বাসিন্দা বজলুর রহমান। এখানেই তাঁর জন্ম। শহরে প্রসাধনীর ব্যবসা করেন। তিনি মনে করেন, এবারের নির্বাচন দলীয়ভাবে হলেও এখানে দলের প্রভাবের চেয়ে স্থানীয় কিছু বিষয় বেশি প্রাধান্য পাচ্ছে। তার মধ্যে রয়েছে রাস্তা না থাকা, রাস্তা সংস্কার, পানি সরবরাহ, অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ, নোংরা পরিবেশ, শিশুদের বিনোদনের জায়গা, পথবাতি না থাকা, মাদক। এসব কাজের জন্য ভোটাররা যে প্রার্থীকে অধিকতর যোগ্য ও আন্তরিক মনে করবেন, তাঁর প্রতি তাঁদের সহানুভূতি থাকবে।
বজলুর রহমানের কথা শেষ না হতেই পাশে বসে থাকা অর্জুনপুর মহল্লার শ্রমিক রাসেল মিয়া মুখ খুললেন। তিনি বলেন, এই পৌরসভার এক নম্বর সমস্যা অর্জুনপুর ঘাটে সেতু না থাকা। বারবার প্রতিশ্রুতি পেলেও সেতু হচ্ছে না। যাঁকে দিয়ে সেতু হবে বলে ওই এলাকার লোকজন মনে করবেন, তাঁকেই সবাই মিলে ভোট দেবেন।
একই মহল্লার এনামুল হক বলেন, ‘ভোট আসে, ভোট যায়। যেকোনো ভোটের আগেই নেতা, প্রার্থীদের মুখে শুধু প্রতিশ্রুতি ঝরে। আর শুনতে পাওয়া যায় বিরোধী প্রার্থীদের বিরুদ্ধে আক্রমণের বুলি। ভোট পর্ব মিটে গেলে প্রতিশ্রুতি খুব একটা বাস্তবায়িত হয় না। প্রত্যাশা ও প্রাপ্তির এই দোলাচলের মধ্যে যাঁকে দিয়ে কিছুটা কাজ হবে, তাঁকেই ভোট দেব।’
এতক্ষণ চুপচাপ পাশে বসে থাকা ষাটোর্ধ্ব বিরাজ উদ্দিন এবার মুখ খুললেন। তিনি বেশ জোরের সঙ্গে বলেন, ‘ভোটের আগে উন্নয়নের মুলা ঝোলানো হয়। আমরা বিশ্বাস করে বারাবার ভোট দেই। আর প্রার্থীরাও কথা দেয়, এবার হবে। কিন্তু কাজ আর হয় না। আমরা এবার নতুন-পুরোনো প্রতিশ্রুতির হিসাব-নিকাশ করেই ভোট দেব।’
ব্যবসায়ী আশরাফুল আলম বলেন, ‘ভোট নিয়ে সবাই রাজা বনে যায়। তাই এবার সিদ্ধান্ত নিয়েছি ভোট দেব বুঝেশুনে। কাকে দিয়ে গরিব মানুষের উপকার হবে বেশি, আগে সেটা জানা দরকার।’