'ভোট দেওন ছাড়া কোনো সুবিধাই তো দেহি না'
গত বৃহস্পতিবার বিকেল। বরগুনার বেতাগী পৌরসভার টাউন সেতু এলাকায় একটি চায়ের দোকানে জনা দশেক লোক নির্বাচন নিয়ে আলাপ করছিলেন। কোন প্রার্থী কেমন, এ নিয়ে পক্ষে-বিপক্ষে চলছিল কথাবার্তা।
একপর্যায়ে চা বিক্রেতা আবদুর রব বললেন, ‘পৌরসভা অইয়্যা মোগো কী লাভ অইছে? খালি পাঁচ বছর পরপর একটা ইলেকশন অয় আর মোরা দলে দলে যাইয়্যা হ্যাগো ভোট দিই। ভোট দেওন ছাড়া কোনো সুবিধাই তো দেহি না। হুনছি পৌরসভা অইলে রাস্তা বড় অইবে, পানির লাইন পামু, ড্রেন অইবে, রাস্তায় বাতি জ্বলবে—কত কিছু! ১৬ বছরে তো কিছুই দেখলাম না।’
আবদুর রবের এই আক্ষেপ শুনে সেখানে উপস্থিত সবাই থতমত খেলেন। তাঁরা প্রার্থীদের পক্ষে-বিপক্ষে আলোচনা থামিয়ে রবের কথায় সায় দিলেন।
পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফারুক বিশ্বাস বললেন, ‘লাভ তো অয়ই না, বরং লস অইছে। আগে জমি ও বাড়িঘরের খাজনা লাগত না। পৌরসভা অওনের পর ২০০ টাকা ট্যাক্স ধরে। এহন হেইয়্যা বাড়তে বাড়তে এক হাজার টাকা অইছে।’ এ সময় প্রার্থীদের প্রসঙ্গ বাদ দিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েন পৌরসভা হওয়ায় তাঁরা কী পেয়েছেন, কী পাওয়া উচিত ছিল, সে হিসাব মেলাতে।
পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে ১৮ মার্চ এ পৌরসভা গঠিত হয়। ১০ দশমিক ১৪ বর্গকিলোমিটার আয়তনের এই পৌরসভায় ১৫ হাজার ৬৩৪ জন বাসিন্দা। ভোটার সংখ্যা ৭ হাজার ৮৮৩। এখানে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম গোলাম কবির।
বিএনপির মেয়র প্রার্থী সাবেক প্যানেল মেয়র হমায়ূন কবির মল্লিক ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌর জাতীয় পার্টির সভাপতি নাসির উদ্দিন ছাড়া আরও চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ওই দিন বেতাগী শহরের বিভিন্ন এলাকা ঘুরে কথা হয় নানা বয়সী বেশ কয়েকজন ভোটারের সঙ্গে। ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল জলিল, ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও শিক্ষক মোহসিন খান ও ৭ নম্বর ওয়ার্ডের সাইদুল ইসলামসহ কয়েকজন বলেন, এ পর্যন্ত কর বেড়েছে কয়েক গুণ। কিন্তু পৌরবাসী ন্যূনতম কোনো নাগরিক সুবিধা পাচ্ছে না। ১৬ বছরেও পানির সরবরাহ-সুবিধা নিশ্চিত হয়নি। পয়োনিষ্কাশনের জন্য গড়ে ওঠেনি পর্যাপ্ত নর্দমা। পর্যাপ্ত নর্দমা না থাকায় বর্ষার সময় কয়েক শ পরিবার পানিবন্দী হয়ে পড়ে।
এ ছাড়া বেশির ভাগ এলাকায় সড়কবাতি নেই। সন্ধ্যার পরপরই শহরের অধিকাংশ এলাকাজুড়ে নামে ভুতুড়ে অন্ধকার। সড়কগুলো আগের মতোই সরু ও বেহাল। এমনকি যত্রতত্র আবর্জনার স্তূপ থাকে মাসের পর মাস। এতে পরিবেশ দূষিত হচ্ছে।
২০১০ সালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে এখানে মেয়র নির্বাচিত হন বর্তমান মেয়র আলতাফ হোসেন। তিনি ওই নির্বাচনে বেতাগী শহরকে আধুনিক ও মডেল শহরে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মেয়র আলতাফ বলেন, তিনি সড়কে বাতির ব্যবস্থা করেছেন। ইতিমধ্যে কয়েকটি সড়কের কাজ সম্পন্ন করেছেন। কিছু কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
তবে পৌর এলাকার কয়েকজন অভিযোগ করেন, আলতাফ সরকারি দলের মেয়র হয়ে যে উন্নয়ন করেছেন, তা প্রয়োজনের তুলনায় খুবই কম।