'ভোট দেওয়া লাগব না, আমরা দিয়া দিছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল আটটা। তেজকুনিপাড়ার বটমলি হোম বালিকা উচ্চবিদ্যালয়ে অবস্থিত পাঁচটি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু। বাইরে সরকার-সমর্থক প্রার্থীর লোকজনের জটলা। ভেতরে অল্পসংখ্যক ভোটার। ১০টা পর্যন্ত দুই ঘণ্টায় প্রতি কেন্দ্রে গড়ে ভোট পড়ে ২০০-এর মতো।

পরে ভোটার দৃশ্যমান না হলেও বেলা একটায় এখানে ভোট পড়ে ৮০০-এর ওপর। মূলত দুপুর সাড়ে ১২টার পরই কেন্দ্র পাঁচটি চলে যায় সরকার-সমর্থকদের দখলে। বেলা দুইটার পর এখানে ভোট দিতে আসা অনেক ভোটারকে ফিরে যেতে দেখা গেছে। এঁদের একজন কেন্দ্র থেকে বেরিয়ে প্রথম আলোকে বলেন, ‘ভোট দিতে পারিনি। মিষ্টি কুমড়া প্রার্থীর লোকজন বলছে, আপনার ভোট দেওয়া লাগব না, আমরা দিয়া দিছি।’

এ সময় ভেতরে গিয়ে দেখা যায়, একদল যুবক প্রকাশ্যেই ব্যালট পেপারে গণহারে সিল মারছে। তারা মেয়র পদপ্রার্থী আনিসুল হকের টেবিল ঘড়ি ও সরকার দল-সমর্থিত কাউন্সিলর প্রার্থী শামীম হাসানের মিষ্টি কুমড়ার প্রতীকে সিল মেরে ভোট বাক্স ভরছিল। এ সময় প্রিসাইডিং কর্মকর্তারা অনেকটা অসহায়ভাবে এক পাশে দাঁড়িয়ে তা দেখছিলেন। পুলিশও ছিল নীরব দর্শক। এ পাঁচ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ২৬৭।

কেবল এ পাঁচটি কেন্দ্রই নয়, সরকার-সমর্থক প্রার্থীদের লোকজনের দখলে ছিল ঢাকা উত্তরের তেজগাঁও এলাকার ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের সব কটি কেন্দ্র। এ তিনটি ওয়ার্ডের অন্তর্ভুক্ত ইন্দিরা রোড, ফার্মগেট, পূর্ব ও পশ্চিম রাজাবাজার, তেজকুনিপাড়া, নাখালপাড়ার ২০টি কেন্দ্র সরেজমিনে ঘুরে এ চিত্র দেখা গেছে।

ভোট ৭০ শতাংশ করতেছি, পেপারে লিখবেন না : তেজগাঁও কলেজে স্থাপিত ছয়টি ভোটকেন্দ্র সকাল থেকেই ছিল এ ওয়ার্ডের সরকার দল-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী ফরিদুর রহমান খানের (ইরান) সমর্থক ও এজেন্টদের দখলে। এসব কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৯৪৪।

কলেজটির নতুন ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বেলা তিনটার দিকে গিয়ে দেখা যায়, একদল লোক জড়ো হয়ে ব্যালটে টেবিল ঘড়ি প্রতীকে একের পর এক সিল মারছে। আরেক দল লোক তা ভাঁজ করে বাক্সে ভরছে।

একই তলার আরেক কক্ষে কাউন্সিলর প্রার্থী ইরানের লাটিম মার্কার ব্যালটে সিল মারতে দেখা যায় আরেক দল যুবককে। সাংবাদিক পরিচয় পেয়ে এ প্রতিবেদককে এক ব্যক্তি ওই কক্ষ থেকে বের করে এনে বলে, ‘ভাই বিএনপি তো ভোট বর্জন করছে। বেলা দুইটা পর্যন্ত এখানে ৬০ শতাংশ ভোট “কাস্ট” হয়েছে, এখন আমরা এটা ৭০ শতাংশ করতেছি। এটা পত্রিকায় দয়া করে লিখবেন না।’

এলাকায় ২০টি কেন্দ্র ঘুরে কোথাও বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের কোনো এজেন্টকে দেখা যায়নি।