‘ভোট দেব তারে, যে খাওয়ার জলের ব্যবস্থা কইরে দেবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লবণজল আমাগে সবকিছু শেষ করে দিচ্ছে। বছরের পর বছর পুকুরের জল খেইয়ে আমরা নির্বংশ হইয়ে গেলাম। আমরা ভোট দেব তারে, যে আমাগে খাওয়ার জলের ব্যবস্থা কইরে দেবে।’ কথাগুলো বলছিলেন চালনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কৃষক ঠাকুর দাস বিশ্বাস। এরপর এগিয়ে এলেন কলেজপড়ুয়া ছাত্র পিন্টু সরদার। জানালেন, লোনাপানির জন্য এলাকায় ফসল হয় না। পৌরসভার মেয়র হিসেবে তাঁরা সেই ব্যক্তিকেই চান, যিনি তাঁদের লবণমুক্ত পানি খাওয়াতে পারবেন। ১৩ জানুয়ারি পৌরসভা নির্বাচনকে উপলক্ষ করে খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভা এলাকায় চলছে নির্বাচনী আমেজ। এবার মেয়র পদে পাঁচজন, তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদের বিপরীতে ১০ জন এবং নয়টি ওয়ার্ড কাউন্সিলর পদের জন্য ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় মাঠে রয়েছেন। নির্বাচনে মেয়র পদে মহাজোটের সমর্থন নিয়ে প্রার্থী হয়েছেন জাতীয় পার্টির শেখ আবদুল হামিদ। চারদলীয় জোটের সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা বিএনপির সভাপতি আবুল খয়ের খান। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অচিন্ত্য কুমার মণ্ডল। এ ছাড়া বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক সনৎ কুমার বিশ্বাস এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কুমারেশ বিশ্বাস। মহাজোট-সমর্থিত প্রার্থী শেখ আবদুল হামিদ জানান, চালনার সার্বিক উন্নয়নে এখনো অনেক কাজ বাকি। খাওয়ার পানি, রাস্তাঘাট, বিদ্যুৎ সমস্যার সমাধান করতেই তিনি প্রার্থী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ অচিন্ত্য কুমার বিশ্বাস জানান, তিনি নির্বাচিত হলে খাওয়ার পানি ছাড়াও এলাকার রাস্তাঘাট, শহর রক্ষা বাঁধ ও বিদ্যুৎ সমস্যার সমাধানে তৎপর হবেন। চারদলীয় জোট-সমর্থিত প্রার্থী আবুল খয়ের খান। ইতিপূর্বে প্রশাসক হিসেবে পৌরসভার দায়িত্বে ছিলেন ১৩ মাস। তিনি দায়িত্বে থাকার সময় কোনো টেন্ডারবাজি হয়নি এবং শতভাগ কাজ বুঝে নিয়েছেন ঠিকাদারদের কাছ থেকে। তাঁর সেই সততা আর স্বচ্ছতাকে নির্বাচনের হাতিয়ার বলে মনে করেন তিনি।