'ভোট যেখানেই দেন, পড়বে নৌকায়'

দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে ভোট যেখানেই দেওয়া হোক, তা আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকায় পড়বে। আজ বুধবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক আলোচনা সভায় এই আশঙ্কার কথা জানান।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করতে দলীয় কর্মীদের রাজপথে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান মির্জা ফখরুল। তারেক রহমানের ‘কারামুক্তি’ দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক দল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ওই আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে তারেক রহমানের বক্তৃতা নিয়ে একটি ভিডিওচিত্র দেখানো হয়।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী লন্ডনে বলেছিলেন, নির্বাচনকালে সংসদ ভেঙে দেবেন, ছোট একটি মন্ত্রিসভা থাকবে, বিরোধী দল চাইলে তারাও ওই মন্ত্রিসভায় থাকতে পারে। কিন্তু প্রধানমন্ত্রী এখন সবকিছু থেকে সরে গেছেন। কারণ, তিনি জানেন, কোনো কিছুতেই কাজ হবে না। এ জন্য এখন নিজেদের অধীনে নির্বাচনের কথা বলছেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘এভাবে নির্বাচন হলে ভোট যেখানেই দেন, পড়বে নৌকায়। আমরা সে ভোটে যাব না। জনগণ এত বোকা না। জনগণ সে ফাঁদে পা দেবে না।’
আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘কয়েক সপ্তাহ মাত্র সময় আছে। এর মধ্যে পূর্ণাঙ্গভাবে সংগঠিত হতে হবে। ঝাঁপিয়ে পড়তে হবে। দেয়ালে পিঠ ঠেকে গেছে। সামনে কোনো রাস্তা নেই। রাস্তা একটাই, এ সরকারকে সরাতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’
নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির মুখপাত্র বলেন, ‘বদ্ধ ঘরে স্লোগান দিলে হবে না। রাজপথে ছড়িয়ে পড়তে হবে। রাজপথ যেদিন নিয়ন্ত্রণে নিতে পারব, সেদিনই বিজয় নিশ্চিত হবে।’
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে ফখরুল বলেন, বিএনপি তাদের ক্ষমতায় বসিয়ে দিতে বলছে না। অবাধে মানুষের ভোটাধিকার প্রয়োগের অধিকার চাইছে।
অনুষ্ঠানের শুরুতে বসা নিয়ে কর্মীদের দুই পক্ষের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। তবে ওই সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অনুষ্ঠানস্থলে ছিলেন না।