‘ভোট হয়ছে, কিন্তু কিসের ভোট হয়ছে, সেইটা তো জানো না’— এভাবে কথাগুলো বললেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের নগর দারোয়ানী গ্রামের কৃষক আমিনুর রহমান (৫৫)। জেলা পরিষদ নির্বাচনে গতকাল বুধবার বেলা ১১টার দিকে চড়াইখোলা নগর দারোয়ানী ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে ভোট গ্রহণ দেখছিলেন তিনি। এ সময় তাঁর সঙ্গে কথা বললে তিনি ওই সব কথা বলেন।
এর আগে গতকাল সকাল ১০টার দিকে পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে কথা হয় পলাশবাড়ী গ্রামের আবদুল বাকীর (৭৫) সঙ্গে। তিনি বলেন, ‘এই ভোট নিয়ে আমার কোনো ধারণা নেই। শুনেছি জেলা পরিষদের ভোট হবে, চেয়ারম্যান-মেম্বাররা ভোট দেবেন। এ রকম ভোট এর আগে দেখিনি, এই জন্য এসেছি।’ এ সময় তাঁর পাশে দাঁড়িয়ে থাকা পলাশবাড়ী ইউনিয়নের আরাজী ইটাখোলা গ্রামের শাহাদাত হোসেন (৭৫) বলেন, ‘এই ভোট সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। প্রথমবার হচ্ছে, এ কারণে দেখতে এসেছি। আমাদের পছন্দের প্রার্থীও আছে, কিন্তু দেখা ছাড়া কোনো কিছু করার নেই।’
বেলা ১১টার দিকে সদরের চড়াইখোলা নগর দারোয়ানী উচ্চবিদ্যালয় কেন্দ্রের বাইরে থাকা চড়াইখোলা ইউনিয়নের বটতলা গ্রামের কৃষক সিরাজুল ইসলাম (৪৫) বলেন, ‘এত দিন শুনছি, ভোট হবে, চেয়ারম্যান-মেম্বার ভোট দেবেন, হামার ভোট নাই। আইজ ওই ভোট দেখির জন্য আইসছি।’ একই ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মফেল উদ্দিন (৬৫) বলেন, ‘এঠে হামার বোলে ভোট ওঠে নাই। হামরা আগত ভোট দিয়া মেম্বর-চেয়ারম্যান বানাইছি, এলা বলে ওমরা ভোট দেবে।’
জেলার বিভিন্ন ভোটকেন্দ্রের বাইরে সকাল থেকে ছিল উৎসুক জনতার ভিড়। এবারের ভোটে সরাসরি জনগণের অংশগ্রহণ না থাকলেও জনপ্রতিনিধিদের ভোটে জেলা পরিষদের জনপ্রতিনিধি নির্বাচনের ভোট উৎসব উপভোগ করছিলেন তাঁরা।