'ভোটটা যেন শান্তিমতো অয়'
‘ভোটের পরিস্থিতি তো টেলিভিশনে দেখছি। এর লাগি টেনশন লাগে। ইকানো ভোটটা যেন শান্তিমতো হয়, এইটাই চাওয়া।’
সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার ধারনবাজারের চা দোকানি আপ্তর আলীর (৪২) কথা এটি। আগামীকাল বৃহস্পতিবার সুনামগঞ্জের ছাতক উপজেলার ১৩টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে। শুধু আপ্তর আলী নন, তাঁর দোকানে বসা কলেজছাত্র সাইফুল ইসলাম, সিএনজিচালিত অটোরিকশার চালক মনোয়ার মিয়া ও ব্যবসায়ী ইসলাম উদ্দিনেরও একই কথা। তাঁরা শান্তিপূর্ণ ভোট চান।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে কথা হয় তাঁদের সঙ্গে। আলাপকালে শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশার সঙ্গে সঙ্গে শঙ্কার বিষয়টিও বেরিয়ে এল তাঁদের মুখ থেকে। এই শঙ্কা ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে নিয়ে। তাঁদের কথায়, উপজেলায় আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত। ১৩টির মধ্যে বেশির ভাগ ইউনিয়নে দলীয় প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন ‘বিদ্রোহী’ প্রার্থীরা। ঝামেলা করলে তাঁরাই করবেন।
ব্যবসায়ী ইসলাম উদ্দিনের মতে, ইউপি নির্বাচনের প্রথম দফা ভোটের হালচাল দেখে বিএনপির প্রার্থীরা ধাক্কা খেয়েছেন। ভেতরে ভেতরে তাঁরা হতাশ। এখন ঝামেলা যদি হয় সেটা হবে আওয়ামী লীগ-আওয়ামী লীগে। সাইফুল ইসলাম বললেন, ‘আমরা তো শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চাই। কিন্তু সেই পরিবেশ না থাকলে তো হবে না।’ অটোরিকশাচালক মনোয়ার হোসেন বললেন, ‘আসলে মানুষের মধ্যে কিছুটা ভয় আছে। দুই পক্ষের নেতা-কর্মীরা তাঁদের প্রার্থীদের পাস করাতে জোরজবরদস্তি করতে পারেন।’
পাশেই একটি রেস্তোরাঁর সামনের টং দোকান থেকে সিগারেট নিচ্ছিলেন আলী উছমান (৩৫) নামের এক ব্যক্তি। তিনি সিংচাপইড় ইউনিয়নের বাসিন্দা। ভোটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ভোট তো দুই দিন বাদে। প্রার্থীরা যা করবার করি লাইছনই। এখন আমরা ভোট দিতান। দলটল বুঝি না, ভালা মানুষ দেইখাই ভোট দিমু।’
সুনামগঞ্জ-সিলেট সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টের পাশে রেললাইনের ওপর দাঁড়িয়ে কথা হয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহমনি বেগমের সঙ্গে। উপজেলার কালারুকা ইউনিয়নে তাঁর বাড়ি। তিনি বললেন, ‘এখন পর্যন্ত কোনো অঘটন ঘটেনি। আশা করি, শান্তিপূর্ণ ভোট হবে।’ তাঁর সঙ্গে থাকা আনোয়ারা বেগম বললেন অন্য কথা, ‘দলীয় ভোট। যারা ক্ষমতায় আছে, তারা প্রভাব দেখাইব। তারাই পাস করব বেশি।’
গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গড়গাঁও গ্রামের বাসিন্দা কাওসার আহমদ ধানের ব্যবসা করেন। তিনি বললেন, আসলে দেখেশুনে ভালো মানুষকে ভোট দেওয়া দরকার। কিন্তু কিছু মানুষ মনে করে, সরকারি দলের লোকদের ভোট দিলে এলাকার উন্নয়ন হবে বেশি। পাশে দাঁড়ানো দিনমজুর মরম আলীর দিকে তাকাতেই তিনি বলেন ওঠেন, ‘আমরা ভাই গরিব মানুষ। অতশত বুঝি না। কারে ভোট দিমু মনে মনে আছে। ভোটের দিন সকালে চুপচাপ গিয়া ভোটটা দিয়া আইমু।’