‘ভোটর পরে তাঁরা পুলর কথা ভুলি যাইন’
‘একটা পুলর (সেতু) লাগি মানুষর কষ্টর শেষ নাই। ভোটর সময় আইলে তো নেতারা কথা দেইন। কিন্তু ভোটর পরে তাঁরা পুলর কথা ভুলি যাইন।’ ক্ষোভের সঙ্গে কথাগুলো বলছিলেন প্রবীণ কৃষক নেতা আবদুল মলিক (৬৫)। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজাপুর খেয়াঘাটে মনু নদের ওপর একটি সেতুর অভাবে ১৯টি গ্রামের লোকজন দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। সেতু নির্মাণের দাবিতে ভুক্তভোগীরা গত ১৫ মার্চ খেয়াঘাট এলাকায় মানববন্ধন ও সমাবেশ করেছে।সরেজমিন গেলে স্থানীয়রা জানান, হাজীপুর ইউনিয়নের সুলতানপুর, দাউদপুর, সুখনাভি, মাদানগর, আলীপুর, আন্ডরকোনা, কেওলাকান্দি, পাবই, চানগাঁও, উপরিভাগ, ভুঁইগাঁও; শরীফপুরের নিশ্চিন্তপুর, দত্তগ্রাম, নছিরগঞ্জ ও সোনাপুর এবং পৃথিমপাশার রাজাপুর, গজভাগ, সৈয়দরবাজার ও আলীনগর গ্রামের লোকজন রাজাপুর খেয়াঘাট দিয়ে এপার-ওপারে আসা-যাওয়া করেন। বর্ষায় খেয়া আর শুকনো মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে লোকজন নদটি পারাপার হন। ১৯টি গ্রামের লোকসংখ্যা প্রায় ৫০ হাজার। দেখা যায়, নদীর ওপর নির্মিত একটি নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে শিশুসহ বিভিন্ন বয়সী লোকজন পারাপার হচ্ছে। স্থানীয় হাছন আলী (৪৫) জানান, উপজেলা প্রশাসন থেকে বার্ষিক ৭৪ হাজার টাকায় তিনি খেয়াঘাটটি তিন বছরের ইজারা নিয়েছেন। বর্ষায় তিনি খেয়া দিয়ে এপার-ওপারে লোকজন পার করান। আর শুকনো মৌসুমে বাঁশের সাঁকো নির্মাণ করে দেন। নদী পারপারে মাথাপিছু ভাড়া দুই টাকা।স্থানীয়দের ভাষ্যমতে, নদের দক্ষিণ পাড়ের গ্রামের লোকজনের উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের এটিই একমাত্র সহজ পথ। এ ছাড়া ওই এলাকার ছেলেমেয়েরা এপারের গজভাগ উচ্চবিদ্যালয়, লংলা আধুনিক মহাবিদ্যালয়, কুলাউড়া ডিগ্রি কলেজ ও ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজে গিয়ে লেখাপড়া করে। বর্ষায় ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা খেয়ায় পারাপার হয়। মাঝেমধ্যে প্রবল স্রোতে খেয়া ডুবে দুর্ঘটনাও ঘটে।সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সৈয়দ মোশাররফ আলী জানান, ১৫-১৬ বছর আগে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের লোকজন একবার খেয়াঘাটে এসে মাপজোখ করে গিয়েছিলেন। পরবর্তী সময়ে তাঁদের আর তৎপরতা দেখা যায়নি। সাংসদ নওয়াব আলী আব্বাস খান প্রথম আলোকে বলেন, ‘সেতু নির্মাণের বিষয়টি বেশ ব্যয় ও সময়সাপেক্ষ। তবে এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে এই সরকারের সময়েই সেতুর কাজ শুরু করা যাবে।’সওজ মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত প্রথম আলোকে জানান, রাজাপুর খেয়াঘাটে ১৯০ মিটার দীর্ঘ একটি সেতু এবং নদের ওপারে আরও ১০ কিলোমিটার সড়ক পাকাকরণে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির কাজ চলছে। আগামী কিছু দিনের মধ্যেই প্রস্তাবটি অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেতু ও সড়ক পাকা হলে কুলাউড়া উপজেলা সদর থেকে চাতলাপুর স্থলবন্দর পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হবে।