'ভোটের পরিবেশ থাকলে কেন্দ্রে যাব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রায়গঞ্জ পৌরসভা নির্বাচনে ‘গোলমাল’ হওয়ার আশঙ্কা করছেন অনেক ভোটার। তাই ভোটের পরিবেশ থাকলে কেন্দ্রে যাবেন তাঁরা।
গতকাল সোমবার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মহেশপুর, ৯ নম্বর ওয়ার্ডের ঝাপড়া ও কুটিরচর, ৭ নম্বর ওয়ার্ডের গুণগাঁতী ও মকিমপুর, ৬ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীকোলা, ৫ নম্বর ওয়ার্ডের বাশুড়িয়া ও বেতুয়া, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের রণতিথা, ২ নম্বর ওয়ার্ডের ধানগড়া মধ্যপাড়া ও ১ নম্বর ওয়ার্ডের ধানগড়া গুচ্ছগ্রামে ভোটারদের সঙ্গে কথা বলে এ আশঙ্কার কথা জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভোটার বলেন, ক্ষমতাসীন দলের পক্ষ থেকে কেন্দ্র দখল করা হতে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন।
ঝাপড়া এলাকার অন্তত পাঁচজন ভোটার বলেন, নির্বাচনের দিনে ভোট দেওয়ার পরিবেশ থাকলেই তাঁরা কেন্দ্রে যাবেন। মকিমপুর এলাকার কয়েকজন নারী ভোটার বলেন, ভোটের দিন অশান্তি হতে পারে বলে নানা রকম কথা শুনছেন। গোলমাল শুরু হলে ঘর থেকে বের হবেন না। অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবেন। গত রোববার বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক বিশেষ সভায় ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কাছে আহ্বান জানান বিএনপির মেয়র প্রার্থী নূর সাইদ সরকার এবং স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মোশারফ হোসেন আকন্দ। এই পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবদুল্লাহ আল পাঠান।
রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও ইকবাল আখতার বলেন, এলাকায় নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।