‘ভোট’ পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ পৌরসভা নির্বাচনে কালো টাকার প্রভাব ঠেকাতে পাড়া-মহল্লায় পাহারা বসিয়েছেন মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা। কে কখন পাড়ায় ঢুকছেন, কারা যাতায়াত করছেন, তা নজরদারি করছেন পাহারায় থাকা কর্মীরা।খোঁজ নিয়ে জানা গেছে, এই পৌরসভায় দুজন মেয়র, ৩৭ জন সাধারণ এবং ১২ জন সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট কেনাবেচা ঠেকাতে প্রার্থীদের লোকজন পাহারা দিচ্ছেন। তাঁরা রাত আটটার পর থেকে ভিন্ন ভিন্ন দলে ভাগ হয়ে গভীর রাত পর্যন্ত অলিগলিতে ঘোরাফিরা করছেন, অপরিচিত কাউকে দেখলেই জিজ্ঞাসাবাদ করছেন।পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের প্রার্থী শামসুল আলম বলেন, ‘আমার টাকা নেই। তাই নির্বাচনে কালো টাকার বিপক্ষে আমি। কয়েকজন প্রার্থী কালো টাকা ছিটানো শুরু করেছেন, জানতে পেরে পাড়া-মহল্লায় পাহারা বসিয়েছি।’ ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের প্রার্থী আবদুল্লাহ মনির বলেন, টাকা দিয়ে ভোট কেনার অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে। তাই এলাকার যুবসমাজের দু-তিনটি দল রাত জেগে এলাকা পাহারায় নিয়োজিত রয়েছে। তিনি অভিযোগ করেন, নারী ভোটারদের নাকফুল ও কানের দুল দিয়ে ভোট কেনার চেষ্টা করা হচ্ছে। চারদলীয় জোট-সমর্থিত মেয়র পদের প্রার্থী মোহাম্মদ ইসমাঈল বলেন, ‘ভোটারদের কালো টাকা দিয়ে কেউ যাতে প্রভাবিত করতে না পারে, এ জন্য পাড়া-মহল্লায় পাহারা বসিয়েছি।’ আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদের প্রার্থী মোহাম্মদ ইসলাম বলেন, ‘ভোটারদের ভালোবাসা নিয়ে বিজয়ী হতে চাই, টাকার বিনিময়ে নয়।’পাহারাদলের সদস্য ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল বশর, ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ রফিক ও ৮ নম্বর ওয়ার্ডের আবুল আলী জানান, আচরণবিধি অনুয়ায়ী রাত আটটার পর প্রচারণা নিষিদ্ধ। তাই এক পাড়ার লোকজন অন্য পাড়ায় যাচ্ছে কি না, তা দেখা হচ্ছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশেম বলেন, নির্বাচনের কারণে পৌরসভা এলাকার প্রতিটি পাড়ায় রাতে প্রার্থীদের লোকজন পাহারা দিচ্ছেন, পাশাপাশি পুলিশের অতিরিক্ত টহলের ব্যবস্থা করা হয়েছে।