'ভোলা খাল' সংরক্ষণ নিয়ে আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা খালকে দখলমুক্ত ও সংরক্ষণ করা নিয়ে ভোলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বেলা ১১টায় ভোলা মিউনিসিপ্যালিটি কো-অপারেটিভ সোসাইটির মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ওই সভার আয়োজন করে। এতে জেলার ২০ জন বিশিষ্ট নাগরিক উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন আইনজীবী ও নাগরিক কমিটির আহ্বায়ক মো. শাজাহান। সভায় জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী বলেন, প্রভাবশালী লোকজন ভোলা খাল দখল করছে। দিনে দিনে এটি ভরাট হচ্ছে। ব্যবহারের অনুপযোগী হওয়ায় খালে কোনো মাছ পাওয়া যাচ্ছে না। কৃষকেরা চাষের জন্য পানি পাচ্ছেন না। একসময়ের নদীটি এখন নর্দমায় পরিণত হয়েছে।
সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুজন) জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, ভোলা খাল ভরাট হওয়ায় ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নাগরিক কমিটির সদস্যসচিব এস এম বাহাউদ্দিন বলেন, ভোলার মানুষ একসময় নৌকায় করে কৃষি ও ব্যবসাপণ্য খাল দিয়ে গন্তব্যে নিয়ে যেতেন। খালটি খনন করে এর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা দরকার।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আবৃত্তিশিল্পী জাভেদ ইকবাল, জীবন-পুরাণ আবৃত্তি সংসদের সভাপতি মশিউর রহমান, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য শিক্ষক মনিরুল ইসলাম, আবৃত্তিশিল্পী ও কবি সামসুল ইসলাম, ভোলা কলেজ ছাত্রলীগের সভাপতি তৈয়বুর রহমান, ভোলা থিয়েটারের সাধারণ সম্পাদক তালহা তালুকদার প্রমুখ।