'ভোলার ঘরে ঘরে গ্যাস চাই' দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভোলার ঘরে ঘরে গ্যাস চাই’ ও ‘ভোলার গ্যাস ভোলায় ব্যবহার করতে হবে’—এই দাবিতে গতকাল শনিবার বেলা ১১টায় শহরের সদর রোডে মানববন্ধন করা হয়েছে। ভোলা নাগরিক কমিটির আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম ফারুকুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ভোলা জেলা শাখার সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, ভোলা নাগরিক কমিটির সভাপতি মো. শাজাহান ও সদস্যসচিব এস এম বাহাউদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, ভোলার ঘরে ঘরে গ্যাসসংযোগ দেওয়া না হলে, ভোলাবাসী কঠোর আন্দোলনে যাবে। প্রয়োজনে তারা হরতাল ও অনশন পালন করবে।

বক্তারা জানান, বর্তমান সরকার ২০০৯ সালে ভোলায় আবাসিক গ্যাসসংযোগ দেওয়ার জন্য ৬৫ কিলোমিটার পাইপ লাইন স্থাপনের কাজ শুরু করে। মাত্র ২০ কিলোমিটার পাইপ বসানোর পর কাজ বন্ধ হয়ে যায়। প্রধানমন্ত্রী সম্প্রতি আবাসিক গ্যাসসংযোগ দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন। এরপর তাঁরা আবার তাঁদের দাবি পূরণের আন্দোলনে নেমেছেন।

নাগরিক কমিটির সদস্যসচিব এস এম বাহাউদ্দিন জানান, লক্ষাধিক লোক তাঁদের দাবি সমর্থন করে স্বাক্ষর দিয়েছেন। তাঁরা আজ রোববার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন।