'ভোলার পাখি যায় না ভোলা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রাঙ্কন, কুইজ ও আবৃত্তি প্রতিযোগিতা, পাখির ভিডিও প্রদর্শন, পাখি পরিচিতি এবং আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে ভোলার সদর উপজেলার দক্ষিণ আলীনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ‘ভোলার পাখি যায় না ভোলা’ শিরোনামে পাখিমেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন পর্বত আরোহী এম এ মুহিত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন আহম্মদের সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রিটিশ পাখি বিশেষজ্ঞ বিল উইলিয়াম জোন্স, স্টিফেন স্যামওরথ, টন, নেকমের বন্য প্রাণী গবেষক ও বাংলাদেশ বার্ড ক্লাবের সদস্য পাখি রিংগার সামিউল মোহসেনিন, সহকারী বন সংরক্ষক ফরিদ মিয়া, ভোলা বন বিভাগের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম, ভোলা অ্যাডভেঞ্চার ক্লাবের আহ্বায়ক এস এম বাহাউদ্দিন, আলীনগর ইউনিয়ন পরিষদের সচিব হোসেন মাহমুদ, জীবন পুরাণ আবৃত্তি একাডেমির সভাপতি মশিউর রহমান, ভোলা ট্রাভেলার্স ক্লাবের সহসভাপতি জাভেদ ইকবাল প্রমুখ।
পাখি বিশেষজ্ঞ সামিউল মোহসেনিন বলেন, দেশের পাখিসমৃদ্ধ এলাকার মধ্যে দ্বীপ জেলা ভোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোলার বিভিন্ন কাদামাটির চর ও জলাভূমি পরিযায়ী পাখিদের বিচরণকেন্দ্র। ইতিমধ্যে ভোলা আন্তর্জাতিক পাখি বিশেষজ্ঞদের কাছে মনোযোগ ও গুরুত্ব অর্জন করেছে। প্রতিবছর শীতে ভোলার উপকূলীয় দ্বীপ ও জলাভূমিতে জলচর পাখি জরিপ করা হয়।
পাখি বিশেষজ্ঞ স্টিফেন স্যামওরথ বলেন, পৃথিবীর দুটি অতি বিরল প্রজাতির পাখি শীত মৌসুমে ভোলার জলাভূমিতে পরিযায়ী হয়ে আসে। এর একটির নাম চামুচঠুঁটো বাটান (স্পুনবিল স্যান্ডপাইপার) এবং অন্যটি ‘এশিয়াটিক ডঅউইচার’।
পাখি বিশেষজ্ঞরা বলেন, শীতে উপকূলীয় চরাঞ্চলে বিভিন্ন ধরনের বক, কাস্তেচরা, গাঙচিল, পানকৌড়ি, মেটে রাজহাঁস, গরাদমাথা রাজহাঁস, শরালী, চকাচকি, রাজমনিহাঁস, বালিহাঁস, গাডওয়াল হাঁস, ইউরেশীয় সিঁথিহাঁস, পাতি তিলিহাঁস, গিরিয়া হাঁস, উত্তুরে ল্যাঞ্জা হাঁস, উত্তুরে খুন্তেহাঁস, বিভিন্ন ধরনের চ্যাগা, জৌরালী, গুলিন্দা, বাটান, চাপাখিসহ সহস্রাধিক পাখি দেখতে পাওয়া যায়। তবে মানুষের অসচেতনতা ও অবাধ শিকারের কারণে এ অঞ্চলে পাখির আগমন কমে যাচ্ছে। এসব পরিযায়ী পাখির আগমন ও বিচরণ ভূমিগুলো নিরাপদ করা জরুরি।|