'ভৌতিক' বিদ্যুৎ বিলে ভোগান্তিতে গ্রাহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় সেচযন্ত্রের ‘ভৌতিক’ বিদ্যুৎ বিলে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। ত্রুটিপূর্ণ ওই বিল সংশোধনের জন্য এখন তাঁদের স্থানীয় পল্লী বিদ্যুৎ কার্যালয়ে ধরনা দিতে হচ্ছে।
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর বদরগঞ্জ এলাকা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় সেচ গ্রাহকের সংখ্যা ২ হাজার ২০০। গ্রাহকদের অভিযোগ, গত ফেব্রুয়ারিতে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় সেচের মোটর তেমন চালাতে হয়নি। এরপরও বিল করা হয়েছে অন্য মাসের তুলনায় দুই থেকে তিন গুণ বেশি।
উপজেলার রামনাথপুর ইউনিয়নের বাংলারহাট গ্রামের গ্রাহক সামছুল হুদা (৪০) বলেন, ‘ফেব্রুয়ারির বিল দেওয়ার পর গত সোমবার পর্যন্ত আমার সেচ মিটারে ইউনিট ব্যবহার হয়েছে ৩৯৮। কিন্তু আট দিন আগে ফেব্রুয়ারির বিলে ব্যবহার দেখানো হয়েছে ২ হাজার ৯৬৮ ইউনিট। এতে ওই মাসের ৯ হাজার ১০৪ টাকার বিদ্যুৎ বিল তৈরি করে আমাকে দেওয়া হয়। বিল সংশোধনের জন্য ছয় দিন ধরে বিদ্যুৎ অফিসে ধরনা দিচ্ছি। অবশেষে আজ (সোমবার) তা সংশোধন করে ৭৯৮ টাকার বিল দেওয়া হয়েছে।’
রাধানগর ইউনিয়নের দক্ষিণ খামারপাড়া গ্রামের জালাল উদ্দিন (৩৮) বলেন, ‘ফেব্রুয়ারিতে ৯৪২ টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করেছি। মার্চে বৃষ্টি হওয়ায় সেচ মোটর তেমন চালাইনি। মিটার অনুযায়ী গত সোমবার পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেছি ৮২৫ ইউনিট। কিন্তু ফেব্রুয়ারির বিলেই বিদ্যুৎ ব্যবহার দেখানো হয়েছে ১ হাজার ৫০৫ ইউনিট। কাজকর্ম ফেলে বিল সংশোধনের জন্য ঘুরছি।’
একইভাবে ত্রুটিপূর্ণ বিল দেওয়ার অভিযোগ করেছেন গোপীনাথপুর ইউনিয়নের খিয়ারপাড়া গ্রামের মোকাদ্দেছ আলী (৫০)। তিনি বলেন, ‘অ্যালা কন তো, ধান বাড়িত (খেতে) কাম করি, না বিল ঠিক কইরবার জন্যে ওমার পাচোত ঘুরি? গেইলে তো টাকা।’
সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত স্থানীয় পল্লী বিদ্যুৎ কার্যালয়ে অন্তত দুই শতাধিক গ্রাহককে বিদ্যুৎ বিল সংশোধনের জন্য ধরনা দিতে দেখা যায়। সেখানে উপস্থিত উপজেলার রাধানগর ইউনিয়নের মানসিংহপুর গ্রামের সেচ গ্রাহক মর্তুজা মওলা (৩৫) ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কাজ-কাম ফেলে আর কত ঘুরি কন তো? এঁরা (পল্লী বিদ্যুতের কর্মচারীরা) একবার কয়, স্যার (ডিজিএম) নাই, আরেকবার কয়, পরে আইসেন। ফির কয়, মিটার দেখিয়া বিল সংশোধন করি দেব।’
একই অভিযোগ করেন, দক্ষিণ খামারপাড়া গ্রামের আফতাব হোসেন (৬০), রফিকুল (৬০), নুরুজ্জামান (৫৫), হায়দার আলী (৪৮), গোপীনাথপুর ইউনিয়নের বুড়িপুকুর গ্রামের নুরুজামান (৩৫), তছলিম উদ্দিনসহ (৭০) অনেকে।
জানতে চাইলে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর বদরগঞ্জ এলাকা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শওকত হোসেন বলেন, ‘গ্রাহকদের মিটার সরেজমিনে দেখে রিডিং লেখেন জুনিয়র ইঞ্জিনিয়ার ও ব্যাটসম্যানরা। কিন্তু তাঁরা অনেকে মিটার না দেখেই রিডিং লেখায় ওই সমস্যা হয়েছে। সেচ গ্রাহক কৃষকদের কাছ থেকে লিখিত অভিযোগ নিয়ে বিল সংশোধন করে দিচ্ছি। কাউকে হয়রানি করা হচ্ছে না।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পল্লী বিদ্যুতের যেসব কর্মচারী ঘরে বসে মিটার রিডিং তৈরি করেছেন, তাঁদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।