'ভ্রমণ করা যাবে বাংলাদেশের অগণিত জলপথে'
ফরাসি নৌপথ রক্ষার দায়িত্বে ছিলেন তিনি। সে কাজ ফেলে ফরাসি বৈমানিক ও নৌ-অভিযাত্রী ইভ মার ১৯৯৪ সালে ছুটে আসেন বাংলাদেশে। দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার জন্য চালু করেন ভাসমান হাসপাতাল। নিজের চমৎকার এ উদ্যোগ ও বাংলাদেশে নিজের অভিজ্ঞতা নিয়ে তিনি লিখেছেন বার্জ ফর বাংলাদেশ বইটি। একই সঙ্গে কসমস গ্রুপের এনায়েতুল্লাহ খানের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের নৌকা নিয়ে আরেকটি বই বোটস—এ ট্রেজার অব বাংলাদেশ।
কসমস বুকস থেকে প্রকাশিত বই দুটির মোড়ক উন্মোচন হলো গতকাল রোববার। জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সোফি আবের। আলোচনা করেন বই দুটির লেখক এনায়েতুল্লাহ খান ও ইভ মার। স্বাগত বক্তব্য দেন জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বই দুটি নিয়ে আলোচনা করার মতো বিশেষজ্ঞ নন বলে জানান। কেননা সাঁতার জানেন না বলে জলপথ তাঁর কাছে ভয়ের বিষয়। তবে সংস্কৃতিমন্ত্রী তাঁর শৈশবের স্মৃতিচারণ করে বললেন, ‘সে সময় দিনভর নৌকায় চেপে নানাবাড়ি যেতাম। এমনকি দুপুরের আহারও ওই নৌকায় বসেই সম্পন্ন করেছি।’ তিনি বলেন, ‘জলপথ পাড়ি দিয়ে ইভ মার এ দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেরিয়েছেন। প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবায় পরিচালনা করেছেন জলে ভাসমান ভ্রাম্যমাণ হাসপাতাল। নৌকা ও নদীকে ঘিরে তাঁর জীবনের সেই বিচিত্র অভিজ্ঞতার বয়ান উঠে এসেছে এই দুই বইয়ে। এতে শুধু নৌকাই নয়, বাংলাদেশের জলপথের নানা প্রসঙ্গও উঠে এসেছে। ইভ মার বাংলাদেশে থেকে এ দেশকে ভালোবেসে এ বই লিখেছেন। সব মিলিয়ে পাঠকদের জন্য প্রকাশিত হলো নৌকা ও নদীবিষয়ক চমৎকার দুটি বই।’ নিজের বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী ইভ মারের সহযোগিতায় একটি পৃথক নৌ-জাদুঘর স্থাপনের পরিকল্পনার কথাও জানান।
নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে ইভ মার বলেন, ‘নৌপথ ও নৌকার প্রতি রয়েছে আমার বিশেষ রোমাঞ্চ। জলপথের সেই ঘোরাঘুরিতে যমুনার চরে দেখা পেয়েছি প্রান্তিক মানুষের। ভ্রাম্যমাণ হাসপাতালের মাধ্যমে তাদের চিকিৎসা সহায়তা দিয়েছি। এমন অনেক অভিজ্ঞতার কথা লেখা আছে এই দুই বইয়ে। গ্রন্থ দুটি প্রকাশনার মাধ্যমে আমার স্বপ্ন রূপ পেল বাস্তবে। বই দুটি পাঠ করলে পাঠকেরাও সেই স্বপ্নের সন্ধান পাবেন। ভ্রমণ করা যাবে বাংলাদেশের অগণিত জলপথে।’
সোফি আবের বলেন, ২৩ বছর আগে ইভ মার জলপথে ফ্রান্স থেকে বাংলাদেশে এসেছিলেন। নদীমাতৃক বাংলাদেশের মানুষকে তিনি নানাভাবে সহযোগিতা করেছেন।
এনায়েতুল্লাহ খান বলেন, ‘২০১৪ সালে প্যারিসে বোটস—এ ট্রেজার অব বাংলাদেশ বইটির মোড়ক উন্মোচন করা হয়। এরপর থেকেই আমাদের অপেক্ষা ছিল বাংলাদেশে এর মোড়ক উন্মোচন করার। ইভ মারের সঙ্গে আমার বহু বছরের বন্ধুত্ব। সেই বন্ধুত্ব থেকে আমাদের স্বপ্ন ছিল একসঙ্গে বই করার। সে স্বপ্ন থেকেই এই বইটি করা।’