‘ভ্রমণ শুভ’ তোরণের নিচেই...
‘আপনার ভ্রমণ শুভ হোক...।’ সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে প্রবেশমুখের সড়কতোরণে এ কথা লেখা। তোরণে সাঁটানো ব্যানারে সরকারদলীয় সাংসদের ছবিযুক্ত করে এভাবেই পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে শুভেচ্ছা জানানো হয়েছে। তবে তোরণের নিচেই শোভা পাচ্ছে ‘ভ্রমণ শুভ’র বিপরীত চিত্র—জনদুর্ভোগের।জাফলংয়ের প্রবেশমুখের এ সড়কের প্রায় এক কিলোমিটার অংশ অসংখ্য খানাখন্দে ভরপুর। এর মধ্যে তোরণের নিচের অবস্থা এতই করুণ যে বড় বড় গর্তের মধ্যে পানি জমে রীতিমতো জলাবদ্ধ অবস্থা। সপরিবারে জাফলং বেড়াতে আসা নেত্রকোনার ব্যবসায়ী শাবাজুল ইসলাম আলম তোরণের ঠিক নিচে সড়কের বেহাল দশার কথা তুলে ধরে বলেন, দুর্ভোগস্থলে এ রকম শুভকামনা জানানোর বিষয়টি উপহাসের মতোই!স্থানীয় লোকজন জানায়, জাফলংয়ের প্রবেশমুখের এ সড়ক এলাকা ‘মামুরদোকানের মোড়’ নামে পরিচিত। সিলেট-তামাবিল সড়কের ওই অংশ জাফলং পাথর কোয়ারির বিভিন্ন স্টোন ক্রাসার মেশিন থেকে পাথর খণ্ড ও পানি প্রবাহের কারণে ভাঙাচোরা অবস্থা দেখা দিয়েছে। সড়ক দিয়ে পানিপ্রবাহ আশপাশের যত্রতত্র দোকান-রেস্তোরাঁর কারণেও ব্যাহত হয়। জানা গেছে, গত ১৫ অক্টোবর জাফলংয়ে আওয়ামী লীগের একটি জনসভা হয়। ‘আমরা সীমান্তবাসী’ ব্যানারে চারদলীয় জোটের সিলেট থেকে জাফলংমুখী লংমার্চ কর্মসূচির পাল্টা হিসেবে আওয়ামী লীগের ওই জনসভা উপলক্ষে ১৩ অক্টোবর তোরণটি নির্মাণ করা হয়। তোরণের পাশে মুদির দোকানদার জানান, যেদিন ওই তোরণ তৈরি করা হয়, ওই দিন বিকেলে নরসিংদী থেকে একটি রিজার্ভ বাস তোরণের অংশ পাড়ি দিতে গিয়ে গর্তে আটকা পড়েছিল। তখন আশপাশ এলাকার মানুষ গাড়িটি উদ্ধার করে। মুদির দোকানদার খেদের সুরে বলেন, ‘হেই দিনই মানুষ দেখছে, ই-খানওর (তোরণ) লেখা কথায় বাস্তবতার লেশমাত্র নাই!’তোরণদাতা হিসেবে ‘সৌজন্যে পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগ’ উল্লেখ থাকলেও এ নিয়ে যুবলীগের স্থানীয় নেতা-কর্মীদের কোনো ভ্রুক্ষেপ নেই। ১৫ অক্টোবর অনুষ্ঠিত জনসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে স্থানীয় সাংসদ ইমরান আহমদ পর্যন্ত কেউ-ই স্থানীয় উন্নয়ন নিয়ে কোনো কথা না বলায় এ নিয়ে অনেকের মনে ক্ষোভ রয়েছে বলে এলাকাবাসী জানান।এ ব্যাপারে অবশ্য পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সেলিম আহমদ জানান, জনসভাটি ছিল সীমান্ত এলাকায় অপপ্রচারের বিরুদ্ধে। এ জন্য এলাকার উন্নয়ন বিষয়ে কেউ কিছু বলেননি। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হামিদুল হক ভূঁইয়া বলেন, সড়কের শুধু ওই অংশ মেরামত করার দাবিতে এলাকাবাসী একাধিকবার সভা-সমাবেশ করেছে। কিন্তু সড়ক ও জনপথ অধিদপ্তর এ ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।যোগাযোগ করলে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) সিলেটের নির্বাহী প্রকৌশলী আবদুল হালিম প্রথম আলোকে বলেন, সড়কের ওই অংশ দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ভেঙে খানাখন্দের সৃষ্টি হয় এবং তাৎক্ষণিকভাবে জরুরি মেরামত খাতে সংস্কারও করা হয়। স্থায়ীভাবে সংস্কারে একটি প্রকল্প প্রক্রিয়াধীন।