'ভ্রাম্যমাণ আদালত' বসানোয় গ্রেপ্তার ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআইয়ের কর্মকর্তা সেজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার উত্তর কাউন্নারা এলাকায় ‘বিসমিল্লাহ বেকারী’ নামের একটি খাদ্যপ্রস্তুতকারী কারখানায় অভিযান পরিচালনাকালে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সংঘবদ্ধ চাঁদাবাজ ও প্রতারক চক্রের সদস্য। তাঁরা বিএসটিআই ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে আসছিলেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন গাজীপুরের সদর উপজেলার পারিজাত গ্রামের ইমরান হোসেন (২৪), বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বদরপুর গ্রামের আমিনুর ইসলাম (৩০), ঢাকার ধামরাই উপজেলার শরীফবাগ গ্রামের মো. মনিরুজ্জামান (৩৬), মাগুরার শ্রীপুর উপজেলার জোকা গ্রামের রবিউল ইসলাম (২৮), বাগেরহাটের চিতলমারী উপজেলার চরচিংগুড়ি গ্রামের ইব্রাহীম হোসেন (৪০) এবং খুলনা মহানগরের মির্জাপুর এলাকার হুমায়ুন কবির (৪৫) ও আতিয়ার রহমান (৪৮)।
পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ওই সাতজন একটি মাইক্রোবাস নিয়ে সাটুরিয়ার উত্তর কাউন্নারা এলাকার ওই বেকারিতে গিয়ে বিএসটিআইয়ের কর্মকর্তা পরিচয় দেন। এরপর অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতসহ ওই বেকারির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ আনেন। এরপর ‘ভ্রাম্যমাণ আদালত’ বসিয়ে জরিমানা আদায়ের চেষ্টা করেন। এ সময় তাঁদের আচরণ সন্দেহজনক হলে বেকারির এক কর্মচারী বিষয়টি স্থানীয় থানায় জানান। খবর পেয়ে পুলিশ এসে তাঁদের আটক করে।
সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন বলেন, ‘বিএসটিআইয়ের কোনো কর্মকর্তা বা দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে স্থানীয় প্রশাসন ও থানাকে জানাতে হয়। কিন্তু এ ব্যাপারে সেটা করা হয়নি।’ তিনি বলেন, এ ঘটনায় বেকারির মালিক আকবর আলী ওই সাত ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা করেছেন।