'ভয়-ডরটা কমছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরে দুই দিন ধরে অনেকটা স্বাভাবিক জীবনযাত্রা বিরাজ করছে। হরতাল-অবরোধ কিংবা স্থানীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সহিংস কর্মসূচি না থাকায় নগরবাসী আতঙ্কমুক্ত হয়ে পথ চলছে। ১৮-দলীয় জোটের ঢাকামুখী কর্মসূচি হওয়ায় বহু দিন পর অনেকটা অবরুদ্ধ অবস্থা থেকে নগরবাসী ‘মুক্তি’ও পেয়েছে বলে কেউ কেউ মন্তব্য করেন।
তবে রাজধানী ঢাকাসহ দূরপাল্লার যান চলাচল স্বাভাবিক না হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। যাতায়াতের ক্ষেত্রে এ দুর্ভোগের কথা তুলে ধরে দক্ষিণ সুরমার সিলামের বাসিন্দা ব্যবসায়ী নূরুজ্জামান বলেন, ‘দুর্ভোগ আছে, তবে নেতা-ফেতারা (নেতা-কর্মীরা) না থাকায় ভয়-ডরটা কমছে।’ ১৮-দলীয় জোট সূত্রে জানা গেছে, ‘মার্চ ফর ডেমোক্রেসি’ ঘোষণার পর থেকে রাজনৈতিকভাবে উত্তপ্ত থাকা সিলেট নগরসহ আশপাশ এলাকা শান্ত হয়ে পড়ে। টানা অবরোধ ও হরতাল কর্মসূচিরও বিরতি হওয়ায় মানুষের মনেও স্বস্তিভাব দেখা দেয়। নগরের কেন্দ্রস্থলের বন্দরবাজার এলাকার খুদে ব্যবসায়ী আজিজ মিয়া বলেন, ‘নেতারা নাই, কর্মসূচিও নাই। মানুষ ঘর থেইক্যা বার অইতাছে মনে হয়। দুই দিন ধইর‌্যা বেচাকেনাও খারাপ অইতাছে না।’ দাড়িয়াপাড়ার বাসিন্দা চাকরিজীবী ইসমাইল আহমদ বলেন, ‘ঢাকাকেন্দ্রিক ১৮ দল ঘোষিত গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচি থাকায় দলগুলোর নেতা-কর্মীরা এখন ঢাকামুখী। এ কারণেই বোধ হয় কোনো সহিংসতা নগরে চোখে পড়ছে না। ফলে নগরবাসী এই কয় দিন অনেকটা শান্তিতে চলাফেরা করতে পারছে।’ নগরে বসবাসরত একাধিক বাসিন্দা জানান, স্থানীয় কর্মসূচি না থাকায় জামায়াত-শিবির নগরে কোনো সহিংসতা চালাতে পারছে না। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকায় সেভাবে চোরাগোপ্তা হামলাও তারা করতে পারছে না। পরিস্থিতি স্বাভাবিক থাকায় ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে নাগরিক জীবনযাত্রাও স্বাভাবিক হয়ে আসছে বলে তাঁরা জানিয়েছেন।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহামঞ্চদ আয়ুব প্রথম আলোকে জানান, মানুষের নিরাপত্তায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও বাড়ানো হয়েছে।