‘ভয় নিজের ঘরে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা বেড়েছে। এরই মধ্যে উত্তেজনা সংঘর্ষে রূপ নিয়েছে। এ কারণে ভৈরবে সরকারবিরোধী আন্দোলন গতি পাচ্ছে না বলে দলের নেতা-কর্মীরা মনে করছেন।নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভৈরব বিএনপি এখন একাধিক ধারায় বিভক্ত। নেতৃত্ব ও কমিটি গঠন নিয়ে বর্তমানে উপজেলা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম ও পৌরসভার প্যানেল মেয়র আরিফুল ইসলাম দুই ধারায় বিভক্ত হয়ে পড়েছেন। আরিফুল ইসলাম কোনো পদে নেই, বিএনপির সমর্থক। দলের বেশ কিছু নেতা ও সমর্থক নিয়ে তিনি আলাদা ‘প্ল্যাটফর্ম’ তৈরি করেছেন। বর্তমানে তাঁরা পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করছেন। এই অবস্থায় বিজয় দিবসের প্রথম প্রহরে মুক্তিযুদ্ধের সঞ্চৃতি ভাস্কর্য ‘দুর্জয় ভৈরব’-এর পাদদেশে শ্রদ্ধা নিবেদন করার সময় তাঁদের মধ্যে হাতাহাতি হয়। গত সোমবার আরিফুলের সমর্থকেরা প্রতিপক্ষের জনি মিয়া নামের ছাত্রদলের এক কর্মীকে মারধর করেন। ওই ঘটনার জের ধরে একই দিন দুপুরে রফিকুল পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ভৈরব পৌরসভা সড়কে মহড়া দেয় এবং আরিফকে খোঁজাখুঁজি করে। বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে নেন আরিফুল। ঘোষণা দিয়ে তাঁরা গত মঙ্গলবার সংঘর্ষে জড়িয়ে পড়েন। আরিফুল-সমর্থকেরা প্রতিপক্ষের জামাল মিয়া ও আলম মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। পিটিয়ে আহত করেন পাঁচ কর্মীকে।এদিকে কোন্দলের কারণে ভৈরবে এখন সরকারবিরোধী আন্দোলন গতি পাচ্ছে না বলে দলের কর্মীরা আস্থাহীনতায় ভুগছেন। সংঘাত এড়াতে অনেকে মাঠে নামছেন না। একাধিক নেতা-কর্মী জানিয়েছেন, তাঁদের বৈরিতা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। একে অপরকে ঘায়েল করতে সরকারি দলের সঙ্গে গোপন সম্পর্ক স্থাপন করছে। পুলিশি সহযোগিতা নিচ্ছে। পৌর শহরের চণ্ডীবের মহল্লার বিএনপির সমর্থক তাহের মিয়া বলেন, ‘ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে আন্দেলনে যান না। গেলে কারও না কারও বাঁকা চোখ পড়বে। তাঁরা আওয়ামী লীগকে ভয় পান না। ভয় নিজের ঘরে।’কালিপুর মহল্লার আরেক সমর্থক শামসুল হক বলেন, ‘কোন্দলই ডুবাইছে। হরতালেও আওয়াজ পাওয়া যায় না।’ জানতে চাইলে এক পক্ষের নেতৃত্বে থাকা আরিফুল ইসলাম বলেন, ‘রফিক একক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চান। দেওয়া হবে না। প্রতিরোধ করা হবে।’ রফিকুল ইসলাম বলেন, ‘আরিফ সবকিছু শক্তি দিয়ে জয় করতে চায়, সাংগঠনিকভাবে নয়।’ এদিকে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন থেকে দলীয় টিকিট নিয়ে দুবার সংসদ নির্বাচন করা বিএনপির কেন্দ্রীয় পর্ষদের নির্বাহী সদস্য শরীফুল আলম উত্তেজনা কমাতে চেষ্টা করছেন। এই নিয়ে করণীয় নির্ধারণ করতে ওই নেতা মঙ্গলবার রাতে কয়েকজন নেতার সঙ্গে সভা করেছেন। তবে উত্তেজনা কমানোর ‘বটিকা’ আবিষ্কার করতে পারেননি।