‘ভয়হীনভাবে জ্ঞানের চর্চা সম্ভব এমন বিশ্ববিদ্যালয় প্রয়োজন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের এমন বিশ্ববিদ্যালয় প্রয়োজন যেখানে ভয়হীনভাবে, মুক্ত পরিবেশে জ্ঞানের চর্চা করা সম্ভব হবে। আর এ ক্ষেত্রে সেখানে গণতন্ত্রের চেতনা আছে কি না, সেটি দেখতে হবে।’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার এক সেমিনারে কলাম লেখক ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ এসব কথা বলেন।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকসমাজের ব্যানারে ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যাকাণ্ডের ঘটনায় বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষকেরা ‘কেমন বিশ্ববিদ্যালয় চাই’ শীর্ষক সেমিনারের আয়োজন করেন। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনারকক্ষে বেলা তিনটায় ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসন, গণতান্ত্রিক চর্চা ও ন্যায়বিচার আমাদের দাবি’ স্লোগানকে সামনে রেখে এ সেমিনারের আয়োজন করা হয়। আন্দোলন পরিচালনা পর্ষদের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতারের সভাপতিত্বে সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস চৌধুরী। পরে বিষয়ের ওপর আলোচনা করেন সৈয়দ আবুল মকসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আকমল হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক শহীদুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক এম এ মতিন, ইতিহাস বিভাগের অধ্যাপক এ টি এম আতিকুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুন, প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক কামরুল আহসান ও কণ্ঠশিল্পী কৃষ্ণকলি ইসলাম। সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে ক্ষমতাসীন দলের শিক্ষক ও ক্যাডাররা মনে করে তাদের নিজস্ব সম্পত্তি। এ অবস্থার পরিবর্তন ঘটাতে হবে।’ তিনি আরও বলেন, শিক্ষক নিয়োগ ও শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে মেধার যে বৈষম্য করা হচ্ছে, সে ব্যাপারে লক্ষ রাখতে হবে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে যেসব ঘটনা ঘটছে, তা অত্যন্ত উদ্বেগজনক। অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে সরকার-সমর্থিত অনুগত ব্যক্তিকে। এরপর ক্রমান্বয়ে প্রশাসনের অন্যান্য পদেও রদবদলের মধ্য দিয়ে সরকার-সমর্থিত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে। অধ্যাপক মানস চৌধুরী বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে গত ৩৮ বছরে যেখানে ৪০০ শিক্ষকের নিয়োগ হয়নি, সেখানে বর্তমান প্রশাসনের এই তিন বছরে প্রায় ২০০ শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এসব শিক্ষকের অনেকের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। অধ্যাপক আকমল হোসেন বলেন, আমাদের রাষ্ট্র-ব্যবস্থার পরিবর্তন না হলে বিশ্ববিদ্যালয়গুলোর পরিবর্তন সম্ভব নয়। অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, জনগণের অর্থে পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলোকে সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত করে শিক্ষাপোযোগী করে তুলতে হবে।