কক্সবাজারের রামুর বৌদ্ধবিহারে হামলার ঘটনায় করা একটি মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। গত দুই দিনে (রবি ও সোমবার) ১০ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। তবে কার নেতৃত্বে হামলা হয়েছে কিংবা কারা এই হামলার সঙ্গে জড়িত, সে ব্যাপারে তাঁরা কিছু বলতে পারেননি।
কক্সবাজার আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মমতাজ আহমদ প্রথম আলোকে বলেন, সাক্ষীরা ভয়ে আসামিদের নাম বলছেন না। মামলার ৩৪ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ১০ জনের সাক্ষ্য নিয়েছেন আদালত। ২১ অক্টোবর পর্যন্ত টানা সাক্ষ্যগ্রহণ চলবে।
গতকাল সোমবার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে সাক্ষ্য দেন রামুর সীমাবিহার, লালচিং ও সাদাচিং বৌদ্ধবিহারে অগ্নিসংযোগ এবং হামলা মামলার ৩ নম্বর সাক্ষী মং মং রাখাইন ও ৯ নম্বর সাক্ষী জীবক বড়ুয়া।
জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদারের আদালতে মং মং রাখাইন বলেন, ‘২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে রামুর সাদাচিং, লালচিং, সীমাবিহার, মৈত্রীবিহারসহ বিভিন্ন বিহারে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। কিন্তু কারা এই কাজ করেছে, তা বলতে পারব না।’ এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবীদের জেরার সময় তিনি বলেন, ‘রামুর মাছবাজারের দোকানে স্বর্ণের ব্যবসা করি। সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়িতে যাই।’
মং মং রাখাইন বলেন, ‘ঘর থেকে মন্দির পোড়ানোর আগুন দেখেছি। আদালতে উপস্থিত আসামিরা ওই ঘটনা ঘটিয়েছেন কি না, আমি জানি না।’
মামলার অপর সাক্ষী জীবক বড়ুয়া বলেন, ‘রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে রামুর কয়েকটি মন্দিরে অগ্নিসংযোগ করা হয়। যাঁরা সেদিন মন্দিরে হামলা চালিয়েছিলেন, তাঁরা ডকে (কাঠগড়ায়) উপস্থিত আছেন। তবে আসামিদের কারও নাম বলতে পারব না।’
এরপর আসামিপক্ষের আইনজীবীদের জেরার সময় জীবক বড়ুয়া বলেন, তিনি মন্দিরের পাশে বেকারির ব্যবসা করেন। তিনি বলেন, ‘ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। লালচিং, সাদাচিংসহ অন্যান্য মন্দিরে কারা আগুন লাগিয়েছেন, আমি জানি না।’
রামুর সীমাবিহার, লালচিং ও সাদাচিং বৌদ্ধবিহারে অগ্নিসংযোগ ও হামলা মামলার আসামি ৭৪ জন। গতকাল আসামিদের মধ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাময়িক বরখাস্ত চেয়ারম্যান তোফাইল আহমদ ও কক্সবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহীদুল হক বাহাদুরসহ ৬০ আদালতে উপস্থিত ছিলেন। বাকি ১৪ আসামি পলাতক।
গত রোববার মামলায় প্রথম সাক্ষ্য দেন রামুর হাইটুপি গ্রামের সুভাষ বড়ুয়া। তিনি আদালতে বলেন, ‘সেই রাতে আমি বাড়ি থেকে ভয়ে পালিয়েছিলাম। তাই কে কী করেছে দেখিনি।’
মামলার সাক্ষী রজত বড়ুয়া, নরেশ বড়ুয়া, সুকুমার বড়ুয়া, কমল বড়ুয়া ও শংকর বড়ুয়াও বলেন, বৌদ্ধবিহারে সেদিনের হামলাকারীদের তাঁরা চেনেন না।
তবে আরেক সাক্ষী কক্সবাজার জেলা ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সাধারণ সম্পাদক শামীম আহসান বলেন, ‘এজাহারনামীয় আসামির মধ্যে অনেকে হামলায় জড়িত ছিল। আবার পুলিশ জড়িত অনেক আসামিকে বাদ দিয়েছে। আবার অনেক নিরীহ লোকজনকে মামলায় ঢুকিয়ে দিয়েছে।’
২০১২ সালের ২৯ সেপ্টেম্বর মধ্যরাতে দুর্বৃত্তরা রামুর ১২টি প্রাচীন বৌদ্ধবিহার ও ৩৪টি বাড়িতে অগ্নিসংযোগ করে। পরের দিন ৩০ সেপ্টেম্বর উখিয়া, টেকনাফ ও কক্সবাজার সদরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটে।
এসব ঘটনায় পুলিশ রামু, উখিয়া, টেকনাফ ও কক্সবাজার সদর থানায় ১৯টি মামলা করে। গত বছর পুলিশ সব মামলার অভিযোগপত্র দেয়।