‘ভয়ে ঘুম ধরে না’
আকাশে মেঘ। মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে। ব্রহ্মপুত্র নদের কোনো কূলকিনারা নেই। পানি আর পানি। বাড়িঘর তলিয়ে যাচ্ছে। থাকার উপায় নেই। কিন্তু কেমন করে নিরাপদ আশ্রয়ে যাবে। ব্রহ্মপুত্র নদ পাড়ি দিতে বড় নৌকা লাগে। কিন্তু বড় নৌকা নেওয়ার সামর্থ্য নেই অনেক পরিবারের। বাধ্য হয়ে অনেক পরিবার মাছধরা ছোট ডিঙ্গি নৌকা নিয়ে নিরাপদ আশ্রয়ে যাত্রা করে।গতকাল শুক্রবার সকালে ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় দেখা হয় কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুরের চরযাত্রাপুর গ্রামের মর্জিনা বেগমের (৩৫) সঙ্গে। নৌকায় পাল তোলা। এক পাশে স্বামী আনছার আলী (৪৪) দাঁড় টানছেন। অন্য পাশে হাল ধরেছেন মর্জিনার ভাই আবু বক্কর। বিশাল ব্রহ্মপুত্রে নৌকাটি পানির ওপর খড়কুটোর মতো দুলছে। এ সময় মর্জিনা বেগম বলেন, ‘দুদিন কষ্ট করে বাড়িতে ছিলাম পানির মধ্যে। খুব কষ্ট করি এক বেলা রান্না করি খায়া বাঁচি আছি। রাইতে অন্ধকারের মধ্যে ভয়ে ঘুম ধরে না। আশপাশে বাড়ির সগাই চরি গেইছে। বাধ্য হয়া হামরাও রওনা দিলাম, আল্লা যা করে।’মর্জিনা বেগমের স্বামী আনছার আলী পেশায় জেলে। ব্রহ্মপুত্রে মাছ ধরে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। আনছার আলী জানান, এত পানির মধ্যে মাছ পাওয়া যায় না। ১৫ দিন খুব কষ্ট করে চলছেন। সবার হাত খালি। কার কাছে ধার করবেন। বাধ্য হয়ে জীবনবাজি রেখে রওনা দিয়েছেন। আপাতত গন্তব্য যাত্রাপুর ওয়াপদা বাঁধ। আবু বক্কর জানান, এখান থেকে ওয়াপদা বাঁধের দূরত্ব এক কিলোমিটার। এ ছোট নৌকায় দাঁড় টেনে যেতে সময় লাগবে দুই ঘণ্টা। বিপদ হলে সব শেষ হয়ে যাবে।মর্জিনা বেগমের মতো যাত্রাপুর ইউনিয়নের ১৬ হাজার মানুষ পানিবন্দী। গতকাল শুক্রবার ব্রহ্মপুত্রে পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। প্রতিটি বাড়িতে চাল পর্যন্ত পানি। দূর থেকে চরের গ্রামগুলো দেখে মনে হয় পানিতে ভাসছে। এত কষ্ট ও বিপদের মধ্যে যারা ঘরে উঁচু মাচা করে ছিল, পানি বৃদ্ধি পাওয়ায় তারাও এখন নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে।স্বামী নজরুল ইসলাম ও পাঁচ সন্তান নিয়ে পাঁচ দিন ঘরে পানির মধ্যে থেকে চর পার্বতীপুরের রহিমা খাতুন (৪২) গতকাল দুপুরে বাড়ির জরুরি আসবাব, গরু-ছাগল নিয়ে নৌকায় করে পার্শ্ববর্তী ওয়াপদা বাঁধে আশ্রয় নিতে যাচ্ছিলেন। নজরুল ইসলাম বলেন, গত রাত থেকে তারা না খেয়ে আছেন। পানিও নেই। সব নলকূপ পানিতে ডুবে আছে। স্থানীয় ইউপি সদস্য এরশাদুল হক বলেন, কয়েক দিন থেকে মানুষ পানিতে। খাদ্যকষ্টে পড়েছে। ঘরে মজুদ খাবার প্রায় শেষ হওয়ার পথে। বন্যার কারণে কেউ কাজে যেতে পারছে না। এভাবে পানি বাড়তে থাকলে মানুষের অবস্থা খারাপের দিকে যাবে।আসাম সীমান্তঘেঁষা রলাকাটা ও চিরা খাওয়া চর যাত্রাপুর বাজার থেকে অনেক দূর। ব্রহ্মপুত্র চর দুটির পাশ দিয়ে যাত্রাপুরে প্রবেশ করেছে। বন্যার পানিতে সব তলিয়ে গেছে। লোকজন ঘড়বাড়ি সরিয়ে নিচ্ছে। রলাকাটা চর থেকে একজন মহিলা চিৎকার করে ডাকছেন। কাছে গিয়ে জানা গেল, তাঁর নাম হনুফা (৬৫)। স্বামী সোহরাব আলী কয়েক বছর আগে মঙ্গায় মারা গেছেন। একাই বাড়িতে থাকেন। তিনি বলেন, ‘ভাই সবাই পানি ভয়ে অস্থির। অনেকে চইলা যাইতাছে। আমরা কনে যামু। বিধবা মানুষ যাওয়ার কোনো জায়গা নাই।’একটি নৌকায় করে পানিবন্দী কয়েকটি পরিবার নিয়ে ওয়াপদা বাঁধের দিকে যাচ্ছিলেন যাত্রাপুর ইউপির চেয়ারম্যান আবদুল গফুর। তিনি জানান, চরে পানিবন্দী তিন হাজার পরিবার। এখন পর্যন্ত তিনটি নৌকা দিয়ে উদ্ধার করেছেন মাত্র ৩০০ পরিবারকে। অনেকে নিজের চেষ্টায় চলে যাচ্ছে। সরকারি ও বেসরকারি সংস্থাগুলো এগিয়ে এলে সব পরিবারকে উদ্ধার করা যাবে।