‘ভয়ে চিকিৎসা করাচ্ছি গোপনে কেইচ করার সাহস পাচ্ছিনে’
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবঞ্জহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের লোকজনের হামলায় মারাত্মক আহত তরুণ রুম্মান শেখ (২৪) ভয়ে এক মাস ধরে গোপনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।আহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোরেলগঞ্জ উপজেলার আলতি বুরুজবাড়িয়া গ্রামে আবদুল হাকিম শেখের ছেলে রুম্মান শেখ কয়েক বছর ধরে দৈবঞ্জহাটি ইউপির বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম ফকিরের অঘোষিত দেহরক্ষী হিসেবে তাঁর সঙ্গে থাকতেন। অভিযোগ উঠেছে, ওই তরুণের সঙ্গে স্কুলপড়ুয়া এক মেয়ের প্রেমের সম্পর্ক হয়। এ কারণে ২২ ডিসেম্বর দৈবঞ্জহাটি বাজারে চেয়ারম্যানের লোকজন তাঁকে বেদম মারপিট করে।রুম্মান বলেন, ‘চেয়ারম্যান প্রেমের সম্পর্ক সহ্য করতে না পেরে আগস্ট মাসে আমাকে তাড়িয়ে দেন। পরে ২২ ডিসেম্বর দুপুরে বাজার থেকে চেয়ারম্যান তাঁর লোকজন দিয়ে ধরে এনে পরিষদের বাথরুমে আটকে কুড়াল দিয়ে বেদম মারপিট করেন। আমাকে মৃত ভেবে ফেলে রাখেন। পরে সন্ধ্যায় থানার পুলিশ গিয়ে আমার অবস্থা দেখে তারা নিতে চায়নি। শেষে আমার ভাই এই হাসপাতালে আনে। আমরা তাঁর ভয়ে চিকিৎসা করাচ্ছি গোপনে। আর কেচ করার সাহস পাচ্ছিনে।’রুম্মানের বাবা আবদুল হাকিম গত বুধবার খুমেক হাসপাতালে কাঁদতে কাঁদতে বলেন, ‘শহিদুল চেয়ারম্যান আমার ছেলেরে একের্রা মার্রা ফেলছেলে। হাত-পা সব শ্যাষ কর্রা দেছে। তাঁর ভয়ে আমরা আজ পর্যন্ত কোথাও মামলাও কত্তে পারি নাই। আপনেরা আমার ছেলেডার বিচার হরেন। আমি বিচার চাই।’দৈবঞ্জহাটি ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম ফকির বলেন, ‘ওর বাড়ি আমার বাড়ির পাশে। ও একসময় আমার ভাগনেদের নিয়ে আমার সঙ্গে চলত। তার বিভিন্ন কাজবাজ খারাপ দেখে আমি তাকে সরিয়ে দি। একসময় সে আমার শত্রুদের সঙ্গে মিলে আমাকে মারার পরিকল্পনা করে। তাদের নামে থানায় আমার সাধারণ ডায়েরি (জিডি) করা আছে। ও তখন গা ঢাকা দেয়। ২২ ডিসেম্বর ওকে এলাকার লোকজন বাজারে পেয়ে মার দেয়। এ খবর পেয়ে আমি তাকে বাজার থেকে উদ্ধার করে এনে পরিষদে রেখে পুলিশ ও তার আত্মীয়দের খবর দিই। ওর ভাইসহ আত্মীয়রা এসে চিকিৎসার জন্য নিয়ে যায়।’খুমেক অর্থোপেডিক ও সার্জারি ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার মোয়াজ বিন জাবাল বলেন, ‘দুই পা ও হাতের হাড় ভাঙাসহ সারা শরীরে আঘাতের চিহ্ন নিয়ে রুম্মান ২২ ডিসেম্বর রাতে হাসপাতালে ভর্তি হয়। তাঁর ক্ষত অনেক বড় ছিল। শরীরের বিভিন্ন স্থান থেকে চামড়া নিয়ে তাঁর পায়ে গ্রাফট করা হচ্ছে। চিকিৎসা চলছে।’মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম বলেন, ‘রুম্মানের শারীরিক অবস্থা দেখে প্রথমে তাকে চিকিৎসা করাতে বলেছিলাম। এখন যদি তারা কোনো অভিযোগ দেয় বিবেচনা করা হবে।’