'ভয়ের সংস্কৃতি আমাদের গ্রাস করছে'

জঙ্গি হামলায় হত্যার তদন্তে অগ্রগতি না হওয়ায় ভয়ের সংস্কৃতি গ্রাস করছে বলে মন্তব্য করেছেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেছেন।
‘সাম্প্রদায়িকতা ও মৌলবাদ প্রতিরোধে বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলন’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। আলোচনায় মূল প্রবন্ধে রামেন্দু মজুমদার বলেন, ‘জঙ্গিবাদের ব্যাপারে সরকার জিরো টলারেন্স ঘোষণা করলেও জঙ্গি হামলায় যাঁরা এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন, কারও হত্যাকাণ্ডের তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। দু-এক জায়গায় হত্যাকারী চিহ্নিত হলেও কোথাও কারও শাস্তি হয়নি। ফলে একটা ভয়ের সংস্কৃতি আমাদের গ্রাস করছে।’
হতাশা ও ক্ষোভের সর্বনাশা বৃত্ত থেকে তারুণ্যকে বাঁচানোর আহ্বান জানিয়ে রামেন্দু মজুমদার আরও বলেন, শিক্ষা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে মূল্যবোধসম্পন্ন মানুষ ও দায়িত্বশীল সুনাগরিক তৈরি করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষার জন্য আধুনিক যন্ত্রপাতির পেছনে যে ব্যয় হবে, তার তুলনায় সংস্কৃতি ক্ষেত্রে বিনিয়োগ হবে নগণ্য।
এই নাট্যব্যক্তিত্ব বলেন, ‘স্বীকার করতে দ্বিধা নেই, এ দেশে আমরা এখনো কোনো সুচিন্তিত সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে পারিনি। আমরা শিল্প-সাহিত্যের মানুষেরা বিচ্ছিন্নভাবে নিজ নিজ ক্ষেত্রে কাজ করছি। আজ সময় এসেছে সাম্প্রদায়িকতা ও মৌলবাদকে প্রতিহত করার জন্য সব সংস্কৃতিকর্মী একজোট হয়ে ব্যাপক সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার।’
আলোচনা সভায় সভাপতির বক্তব্য দেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। তিনি বলেন, ‘এখনো পর্যন্ত কেন সংস্কৃতির জন্য চিৎকার করতে হয়? মুক্তিযুদ্ধের সরকারই তো ক্ষমতায়। তাদের উচিত শিল্পকলায় বাজেট বরাদ্দ বাড়ানো। ডিসেম্বর-ফেব্রুয়ারি মাস ছাড়া তো টিভি চ্যানেলগুলোতে মুক্তিযুদ্ধের গান প্রচার করা হয় না।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, অভিনেত্রী শমী কায়সার প্রমুখ।