'ভয়েরও সাধ্য নাই আ.লীগকে ভয় দেখানোর'
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই। ভয়েরও সাধ্য নাই আওয়ামী লীগকে ভয় দেখানোর।’
গতকাল সোমবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় বিএনপিকে উদ্দেশ করে এ মন্তব্য করেন মতিয়া চৌধুরী। তিনি বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলন করলে কোনো বাধা দেওয়া হবে না। আন্দোলনের নামে নৈরাজ্য হলে, জনগণের নিরাপত্তার জন্য যাহা যাহা করা দরকার, তাহা তাহা করা হবে। এর কোনো ব্যত্যয় হবে না।’
খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে মতিয়া চৌধুরী বলেছেন, ‘মানুষ বাপ-মার ঘরে জন্ম নিলে তার একটি জন্মদিন থাকে এবং মানুষ তা জানে। ডাস্টবিনে জন্ম নিলে তার জন্মদিন তিন-চারটা কেন, আরও বেশিও থাকতে পারে। এতে কোনো সমস্যা নাই।’ বাংলাদেশের জন্য মনোনীত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাটকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আইলেন না, খাইলেন না, ছুঁইলেন না; অথচ ৫ জানুয়ারির নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আপনারা দেখেননি ১৯৭৯, ৮১ ও ৮৬ সালের নির্বাচনে কী হয়েছিল? শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখনই আপনাদের গায়ে জ্বালা ধরেছে।’ মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন মহানগরের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ সেলিম প্রমুখ।