‘মংলা বন্দরকে দ. এশিয়ার একটি বাণিজ্যিক অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, সমুদ্রবন্দর ব্যবহার করে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে দক্ষিণ এশিয়ার একটি বাণিজ্যিক অঞ্চল হিসেবে মংলা বন্দরকে গড়ে তোলা হবে। গতকাল শুক্রবার মংলা বন্দর ও রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বন্দরগুলোতে নানা সমস্যা রয়েছে। তা সমাধান করে বন্দরগুলোকে দক্ষিণ এশিয়া অঞ্চলের একেকটি অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।’ পৃথিবীর অন্যান্য দেশের মতো বন্দর ব্যবহার করে অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার লক্ষ্যে মংলা বন্দর ব্যবহারের ক্ষেত্রে ভারত ছাড়াও প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সমুদ্রসম্পদ রক্ষা ও সীমানা নির্ধারণ নিয়ে ভারত এবং মিয়ানমারের সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা চলছে।