'মউজদীন-বাতি জ্বললেই দলীয় প্রতীক কুপোকাত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌরসভা নির্বাচন
পৌরসভা নির্বাচন

সাদা-কালো একটি ছবি। তাতে তিনটি শব্দ—‘মনের মাঝে মউজদীন’। সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয় প্রতীকের প্রার্থীদের প্রচারণার মধ্যে ছবির সঙ্গে এক লাইনের ওই কথাগুলো যেন শোক ও শক্তির এক আবেগঘন প্রকাশ হয়ে ছড়িয়েছে। যে মানুষটিকে ‘মনের মাঝে’ জড়িয়ে চলছে প্রচার, তিনি মরমি কবি হাসন রাজার প্রপৌত্র মমিনুল মউজদীন।
সুনামগঞ্জ পৌরসভার চেয়ারম্যান থাকাকালে মউজদীন ২০০৭ সালের ১৫ নভেম্বর ঢাকা থেকে সুনামগঞ্জে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কাছে সড়ক দুর্ঘটনায় স্ত্রী তাহেরা চৌধুরী, ছেলে কহলিল জিবরানসহ নিহত হন। এবারের নির্বাচনে পৌরসভার মেয়র পদে সেই মউজদীনের ছোট ভাই গণিউল সালাদীন দলনিরপেক্ষ প্রার্থী। তাঁর নির্বাচনী প্রচারে প্রয়াত বড় ভাই না থেকেও প্রচণ্ড সরব। নির্বাচনী লড়াইয়ে এই প্রচার যে প্রভাব ফেলবে, তা স্বীকার করছেন বড় দুই দলের নেতারাও।
‘জোছনাবাদী কবি’ ছিলেন মমিনুল মউজদীন। প্রতি পূর্ণিমার রাতে পৌর এলাকার সড়কবাতি নিভিয়ে জোছনা উৎসব পালন করতেন। এতে বিদ্যুতের সাশ্রয় হতো। এই অভিনব কাজের জন্য ‘জোছনাবাদী’ পরিচয়েও পরিচিত হয়ে ওঠেন তিনি। হাওরের সুনামগঞ্জ শহরও পরিচিতি হয় ‘জোছনার শহর’ নামে। তাঁর কবি পরিচিতি ছাপিয়ে বড় হয়ে উঠেছিল দলনিরপেক্ষ ভাবমূর্তি। সুনামগঞ্জ পৌরসভার টানা তিন মেয়াদে (১৯৯৩—২০০৭) চেয়ারম্যান ছিলেন। প্রথমবার নির্বাচিত হয়ে সুনামগঞ্জ শহরকে ঘোষণা করেছিলেন ‘কবিতার শহর’।
মউজদীনের অকালমৃত্যু হলে ২০১০ সালের পৌর নির্বাচনে সুনামগঞ্জে হাসন রাজা পরিবারের কেউ প্রার্থী হননি। এবারই প্রার্থী হলেন গণিউল সালাদীন। তাঁর প্রতিদ্বন্দ্বী আরও দুই প্রার্থী হচ্ছেন বর্তমান মেয়র আওয়ামী লীগের মনোনীত আয়ুব বখত জগলুল ও বিএনপির শেরগুল আহমেদ।
সাবেক ক্রিকেটার সালাদীন দলীয় প্রতীকে নির্বাচনী ডামাডোলের মধ্যে দলনিরপেক্ষ। অবস্থানের পেছনে মূল প্রেরণা বড় ভাই মউজদীন। নির্বাচনী প্রচারণার শুরুতে ‘মনের মাঝে মউজদীন’ কথার স্বতঃপ্রণোদিতভাবে প্রচার চলছে জানিয়ে সালাদীন প্রথম আলোকে বলেন, ‘আমার ভাই টানা তিনবার পৌর চেয়ারম্যান ছিলেন। কোনো দলের সমর্থন না নিয়ে শুধু জনগণের বলে বলীয়ান ছিলেন তিনি। আমি ভাইয়ের মতো হতে পারব না, তবে তাঁর পথ ধরে হাঁটার সুযোগ চাই।’
বেশ দৃঢ়তার সঙ্গেই বললেন, স্থানীয় দাবি আদায়ে আঞ্চলিক আন্দোলন-সংগ্রামে চলমান রাজনৈতিক ধারার বাইরে মউজদীনের ছিল একটি বৃহত্তম অরাজনৈতিক মোর্চা—‘গণঐক্য’। দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে এককাট্টা ছিল গণঐক্য। ২০০৩ সালে সুনামগঞ্জ শহরে মউজদীনের নেতৃত্বে প্রথম মাদকবিরোধী আন্দোলন গণঐক্যের মাধ্যমে সামাজিক আন্দোলনে রূপ পেয়েছিল।
হাসন রাজা পরিবার সূত্রে জানা গেছে, ছাত্রজীবনে মমিনুল মউজদীন জাসদ (ইনু) রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরে কবিতাচর্চায় মগ্ন হন। পুরো আশির দশক ঢাকায় থেকে ওই সময় রাজধানীকেন্দ্রিক কাব্যচর্চার পাশাপাশি সাংবাদিকতাও করেছেন। সাপ্তাহিক বিচিত্রায় ‘গনিউর রাজার রোজনামচা’ প্রচ্ছদ প্রতিবেদন লিখে পাঠকমহলের দৃষ্টি কাড়েন। সুনামগঞ্জ শহরে ১৯৯২ সালে প্রথম বড় পরিসরে ‘হাসন লোক উৎসব’ আয়োজন করে এক সাংস্কৃতিক জাগরণের মধ্য দিয়ে ’৯৩ সালের পৌর নির্বাচনে প্রথম পৌর চেয়ারম্যান নির্বাচিত হন মউজদীন।
মউজদীনের মৃত্যুর পর পরবর্তী পৌর নির্বাচন পর্যন্ত সুনামগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করা নুরুল ইসলাম বজলু বলেন, ‘সড়কবাতি নিভিয়ে জোছনা উপভোগের অন্যতম উদ্দেশ্য ছিল অর্থ ও বিদ্যুৎ সাশ্রয়। মউজদীন একটি বাতি ছিলেন। নির্বাচনে মউজদীন-বাতি জ্বললেই নির্ঘাত দলীয় প্রতীক কুপোকাত হবে।’
নির্বাচনে বড় দুই দলের নেতারা মানছেন, মউজদীনকে ঘিরে প্রচার নির্বাচনে প্রভাব ফেলবে।
জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ওয়াহিদুর রহমান বলছিলেন, ‘মমিনুল মউজদীনের স্থান কেউ পূরণ করতে পারবেন না। তাঁকে সামনে রেখে তাঁর ভাই যে প্রচার শুরু করেছেন, এর প্রভাব দুই দলের ভোটেই পড়বে।’
আর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ-আল-মামুনের ভাষ্য, ‘দল-মতের ঊর্ধ্বে থাকা নেতা ছিলেন মমিনুল মউজদীন। তাঁর ভাই জোর প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন তা বলা যায়।’