চট্টগ্রামে আহলে সুন্নাতের সম্মেলন
‘মওদুদীবাদ প্রচার নিষ্কণ্টক করতেই সুন্নি আলেমদের হত্যার পরিকল্পনা’
জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা মওদুদীর ভ্রান্ত ও বিধ্বংসী মতবাদ সম্পর্কে সুন্নি ওলামা-মাশায়েখরা সব সময় সাধারণ জনগণকে সচেতন করে আসছেন। তাই মওদুদীবাদ প্রচারের পথ নিষ্কণ্টক করতে সুন্নি আলেমদের হত্যার পরিকল্পনা করেছে জামায়াত-শিবির।গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সুন্নি ওলামা-মাশায়েখ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। দেশের শীর্ষ আলেমদের হত্যার চক্রান্তের প্রতিবাদে এবং বর্তমান অবস্থায় করণীয় নির্ধারণে এই সম্মেলনের আয়োজন করে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ।সম্মেলনে বক্তারা বলেন, সুন্নি ওলামা-মাশায়েখরা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ প্রচারের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন। তাঁরা জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা মওদুদীর ভ্রান্ত মতবাদ সম্পর্কে জনগণকে সচেতন করে আসছিলেন। মানবতাবিরোধী অপরাধের কারণে জামায়াতের শীর্ষ নেতারা ও দলটি বিচারের মুখোমুখি হয়েছে। পতন প্রায় নিশ্চিত জেনে এবং মওদুদীবাদ প্রচারের পথ নিষ্কণ্টক করতে জামায়াতে ইসলামী সুন্নি আলেমদের হত্যার পরিকল্পনা করেছে।সম্মেলনে সভাপতির বক্তব্যে আহলে সুন্নাত জামাতের চেয়ারম্যান কাজী নুরুল ইসলাম হাশেমী বলেন, ‘যারা ইসলামের নাম ভাঙিয়ে বিভিন্ন মতবাদ প্রচারে লিপ্ত, তারাই ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। নিরীহ স্বাধীনতাকামী জনতার ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ যারা চালিয়েছিল, তারা বাস্তবিক পক্ষে ইসলামি দল হতে পারে না।’সম্মেলনে আহলে সুন্নাতের নেতা এম এ মান্নান বলেন, ‘কেউ কেউ ইন্টারনেটে ব্লগের মাধ্যমে ইসলাম ও মহানবী (সা.)-এর শানে আঘাত করছে। অবিলম্বে তদন্ত সাপেক্ষে এসব ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’আহলে সুন্নাতের মহাসচিব সৈয়দ মছিহুদদৌলা বলেন, ‘জামায়াত ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে প্রকৃত ইসলামি তাহজিব-তমদ্দুনকে ধ্বংস করার পাঁয়তারা চালাচ্ছে। পীর-মাশায়েখ ও ওলামায়ে কেরামদের ঐক্যের সময় এসেছে। দেশের এই ক্রান্তিলগ্নে সুন্নি ওলামা-মাশায়েখদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে।’সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাইফুর রহমান নেজামী, মুফতি ইদ্রিস রেজভী, আল্লামা আজিজুল হক আল-কাদেরী, আল্লামা সৈয়দ নুরুল মনোওয়ার, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ জালাল উদ্দিন আল-কাদেরী, মুফতি ওবাইদুল হক নঈমী, আল্লামা শামসুদ্দোহা বারী, এম এ মতিন ও মাওলানা জিয়াউল হাসান।