'মগের এজেন্ট' হতে রাজি না কেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কেন্দ্রসমূহে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষের মগ প্রতীকের নির্বাচনী এজেন্ট হতে রাজি হচ্ছে না কেউ। বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক ও কর্মচারীদের নিয়ে দুবার বৈঠক করার পরও গতকাল পর্যন্ত এজেন্ট নির্ধারণ করতে পারেনি দলটি।
জানা গেছে, ঢাকা দক্ষিণে ২১ নম্বর ওয়ার্ডের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ (দুটি কেন্দ্র), উদয়ন হাই স্কুল ও সায়েন্স এনেক্স ভবন; বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এবং ২০ নম্বর ওয়ার্ডের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ক্যাফেটেরিয়া, কার্জন হলের বিজ্ঞান ভবন ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরাতন একাডেমির ভোটকেন্দ্রে এজেন্ট নির্ধারণ করতে পারেনি দলটি।
ওই কেন্দ্রগুলোতে এজেন্ট ঠিক করার জন্য গত শনিবার ও রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক-কর্মচারী এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা দুই দফা বৈঠক করেন। সেখানে ছাত্রদলের নেতারা শিক্ষকদের উদ্দেশ করে বলেন, ছাত্রদলের নেতা-কর্মীদের নামে মামলা থাকায় তাঁরা বের হলে গ্রেপ্তার হতে পারেন। এ জন্য শিক্ষক কিংবা কর্মচারীদের মধ্যে এজেন্ট নিয়োগ দিতে হবে। তবে শিক্ষকদের পক্ষ থেকে বলা হয়, তাঁদের পক্ষে এজেন্ট হওয়া সম্ভব না। কারণ, এজেন্ট নিয়োগ রাজনৈতিক বিষয়। ওই বৈঠকে বিশ্ববিদ্যালয়ের অনেক কর্মচারীর নাম এজেন্ট হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তবে যাঁদের এজেন্ট হিসেবে নাম অন্তর্ভুক্ত করা হয়, তাঁদের বাসায় সরকারি দলের নেতা-কর্মীরা গিয়ে গুম ও নির্বাচন-পরবর্তী মামলা-হামলার হুমকি দিচ্ছেন। ফলে তাঁরা এখন আর এজেন্ট হতে রাজি না হওয়ায় চিন্তায় পড়েছে দলটি।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার বলেন, ‘আমরা শিক্ষকেরা রাজনীতি করি না। আমরা বিএনপিকে সমর্থন করি, ভোট দিতে যাব। এজেন্ট কে হবেন সেটা রাজনৈতিক বিষয়। এটা আব্বাস সাহেবের অফিসই ভালো বলতে পারবে।’
এজেন্টদের সরকার-সমর্থক নেতা-কর্মীদের হুমকি-ধমকি দেওয়া প্রসঙ্গে মির্জা আব্বাসের নির্বাচনের প্রধান সমন্বয়ক আ স ম হান্নান শাহ বলেন, ‘নির্বাচন কমিশনে থাকা আমাদের এজেন্টদের নামের তালিকা চুরি করে তাঁদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।’