‘মঙ্গা তাড়ানো’ ধান কাটা শুরু এক সপ্তাহের মধ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সপ্তাহের মধ্যে রংপুরে আগাম ব্রি-৩৩ ও বিনা-৭ জাতের আমন ধান কাটা শুরু হবে। এই অঞ্চলে আশ্বিন-কার্তিক মাসে কাজের সংকটে অভাব কিংবা মঙ্গা দেখা দেয়। মঙ্গা দূর করতে তিন বছর ধরে এই ধান চাষ করা হচ্ছে। তাই অনেকে এই ধানকে মঙ্গা তাড়ানো ধান বলে।রংপুরে এ বছর স্বল্পমেয়াদি ও আগাম জাতের ধান চাষ করা হয়েছে আট হাজার ৪০০ হেক্টর জমিতে। এর মধ্যে গঙ্গাচড়া উপজেলায় তিন হাজার ৬০০ হেক্টর ও কাউনিয়া উপজেলায় দুই হাজার ৫০০ হেক্টর জমিতে এই ধান চাষ হয়েছে বলে কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্র জানায়।গঙ্গাচড়া উপজেলার লাঙ্গলেরহাট এলাকায় গিয়ে দেখা যায়, কৃষকের সবুজ ধানখেত এখন পাকতে শুরু করেছে। এক সপ্তাহের মধ্যে এই ধান ঘরে তুলতে পারবেন বলে আশাবাদী কৃষকেরা। ওই এলাকার কৃষক রোস্তম আলী ৩০ শতাংশ জমিতে এই ধানের আবাদ করেছেন। তিনি জানান, পুরো আমন ধান কাটা-মাড়াইয়ের অনেক আগে এই ধান ঘরে তোলা যায়। আগাম ধান তুলে বাজারদরও বেশ ভালো পাওয়া যাবে বলে তিনি আশাবাদী। ৮-১০ দিনের মধ্যে আগাম ব্রি-৩৩ ধান ঘরে তুলতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করলেন একই উপজেলার গজঘণ্টা ইউনিয়নের কৃষক তৈয়ব মিয়া। তিনি বলেন, সাধারণত আমন ধান কাটা-মাড়াই শুরুর প্রায় এক মাস আগে এই ধান ঘরে তোলা যায়। কাউনিয়া উপজেলার নাজিরদহ গ্রামের কৃষক আবুল কালাম জানান, এই ধান তুলে ওই জমিতে আগাম আলু ও ভুট্টা চাষ করা যাবে। এর মাধ্যমে কাজের সংকট দূর করা সম্ভব। একই উপজেলার বিশ্বনাথ গ্রামের কৃষক ইদ্রিস আলী এ বছর সাড়ে তিন বিঘা জমিতে আগাম ব্রি-৩৩ জাতের ধান রোপণ করেছেন। ফলনও ভালো হয়েছে বলে জানান তিনি।ধান গবেষণা ইনস্টিটিউট রংপুরে আশ্বিন-কার্তিক মাসে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে স্বল্পমেয়াদি ব্রি-৩৩ ও বিনা-৭ জাতের ধান উদ্ভাবন করে তা কৃষকদের মধ্যে সরবরাহ করে। আর এই ধান রোপণের মাত্র ১০০ থেকে ১১০ দিনের মধ্যেই পেকে যায়, যেখানে অন্যান্য জাতের ধান পাকতে সময় লাগে ১৪০ থেকে ১৫০ দিন।রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক গোলাম সোবহানি বলেন, জেলায় এ বছর যে পরিমাণ আমন ধান রোপণ করা হয়েছে, এর মধ্যে আনুমানিক পাঁচ শতাংশ আগাম জাতের। আশ্বিন-কার্তিক মাসে এই ধান ঘরে তুলতে কর্মসংস্থানের সুযোগ হয়। এ ছাড়া এই ধানের খড় গো-খাদ্যের চাহিদাও পূরণ করে।