'মণি-মুক্তাই এখন বাড়ির শোভা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা-বাবার কোলে শিশু মণি-মুক্তা।ছবি: প্রথম আলো
মা-বাবার কোলে শিশু মণি-মুক্তা।ছবি: প্রথম আলো

‘ওরা ভালো আছে। একসঙ্গে দুজনের জ্বর বা শরীর খারাপ হয় না। ভাই বই পড়তে বসলে, ওরাও বই পড়তে বসে।’ এ কথাগুলো মণি-মুক্তার মা কৃষ্ণা পালের।
চার বছর আগে আজকের এই দিনে (২০০৯ সালের ২২ আগস্ট) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের পালপাড়া গ্রামে জন্ম হয়েছিল মণি-মুক্তার। তবে জোড়া শিশু হিসেবে জন্ম হওয়ায় কিছুটা চিন্তায় ছিলেন বাবা জয়প্রকাশ পাল ও মা কৃষ্ণা পাল।
জন্মের ছয় মাস বয়সে ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকা শিশু হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ওদের পৃথক করেন চিকিত্সকেরা। শিশু হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান এ আর খানের নেতৃত্বে একদল চিকিত্সক মণি-মুক্তাকে পৃথক করে। সেই থেকে দুই বোন বেশ ভালোই আছে। আর এই খুশিতে এবার তাদের জন্মদিনটাও বেশ ঘটা করে পালিত হচ্ছে।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের পালপাড়া গ্রামে ওদের বাড়িতে কথা হলো মণি-মুক্তার বাবা জয়প্রকাশ পালের সঙ্গে। তিনি বলছিলেন, মণি-মুক্তার চতুর্থ জন্মদিন উপলক্ষে চার পাউন্ডের একটি কেকের অর্ডার দেওয়া হয়েছে। বিকেলে জন্মদিনের অনুষ্ঠান হবে। কেকের সঙ্গে লুচি, পায়েস, সবজি-তরকারি আর মিষ্টি থাকছে খাবারের তালিকায়। এই অনুষ্ঠানের জন্য শিশুদের মাসি এসেছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা থেকে। পরিবারের সদস্য ছাড়াও প্রতিবেশীরাও থাকবেন অনুষ্ঠানে।

মা কৃষ্ণা পাল জানান, ওরা পেটে থাকতে জেলার পার্বতীপুর উপজেলার রামরায়পুর চৌধুরীপাড়ায় বাবার বাড়িতে ছিলেন। সেখানে ল্যাম্ব হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ওরা ভূমিষ্ঠ হয়। এরপর থেকে তাঁদের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে শুরু করে। সেই সময়গুলোর কথা মনে হলে আজও চোখে জল আসে। জোড়া শিশু জন্ম হয়েছে দেখে পরিবারের সদস্য-স্বজনরা ছাড়াও প্রতিবেশীদের নানান কটু কথায় মন বিষিয়ে উঠেছিল। তখন তাঁরা ভাবেননি ওদের নিয়েই তাঁদের পৃথিবী সুন্দর হয়ে উঠবে।

জয়প্রকাশ পাল বলেন, মণি-মুক্তার বয়স যখন ছয় মাস, ওই সময় ঢাকা শিশু হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান এ আর খানের নেতৃত্বে একদল চিকিত্সক সফল অস্ত্রোপচার করে জোড়া শিশুদের পৃথক করেন। চিকিত্সকেরা এখনো মাঝেমধ্যে মুঠোফোনে শিশুরা কেমন আছে খোঁজখবর নেন।

যোগাযোগ করা হলে ঢাকা শিশু হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক এ আর খান মুঠোফোনে প্রথম আলো ডটকমের মাধ্যমে মণি-মুক্তাকে জন্মদিনের শুভেচ্ছা ও পরিবারের সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, ওরা সম্পূর্ণ সুস্থ আছে।

মণি-মুক্তাদের প্রতিবেশী হরিশংকর পাল প্রথম আলো ডটকমকে বলেন, ‘ওদের জন্মের পর অনেকে নানান কথা বলেছেন। কেউ কেউ মুখের ওপরে বলতেও দ্বিধা করেননি, নিশ্চয়ই বড় কোনো পাপের কারণে সৃষ্টিকর্তা তোমাদের এই শাস্তি দিয়েছেন।’

মণি-মুক্তার বড় বোন স্থানীয় স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী দিশা রানী পাল। সেও আনন্দিত। আনন্দ প্রকাশ করে দিশা রানী বলছিল, ‘দাদু ও দুই কাকুর পরিবার, সবাই তারা একসঙ্গে থাকে। সারা দিন ধরে মণি-মুক্তা পুরো বাড়ি মাতিয়ে রাখে। ওরা আমার ভীষণ আদরের ছোট বোন।’ বড় ভাই এবারের এসএসসি পরীক্ষার্থী সজল পাল বলে, ‘ওরা বেশ চঞ্চল। পড়তে বসা দেখলে ওরাও বই নিয়ে বসে। কবিতা মুখস্থ বলে।’

মণি-মুক্তার কাকি আরতি পাল বলেন, মণি-মুক্তাই এখন বাড়ির শোভা। আর শিশুদের দাদু শতবর্ষী অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক শরত্চন্দ্র পাল বলেন, ‘সারা দিন বাড়িতে থাকি। ওরা দুজন সব সময় আমার কাছে কাছে থাকে।’

কী খেতে ভালো লাগে? জানতে চাইলে মণির চটজলদি উত্তর, মিষ্টি। আর মাথা নিচু করে আড়চোখে মুক্তা বলে, ‘মিষ্টি আলু, দুধ-ভাত।’