'মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে মানবাধিকার কমিশনকে সরব হতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার সংগঠন ‘আর্টিক্যাল নাইনটিন’-এর বাংলাদেশ ও দক্ষিণ এশীয় আঞ্চলিক পরিচালক তাহমিনা রহমান বলেছেন, মানুষের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে জাতীয় মানবাধিকার কমিশনকে সরব হতে হবে। সাংবাদিক হত্যার বিচার করতে হবে। গণমাধ্যমে নারীদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে হবে। নিপীড়নমূলক ৫৭ ধারা বাদ দিতে হবে।
গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ‘মতপ্রকাশের স্বাধীনতা’ শীর্ষক সেমিনারে তাহমিনা রহমান এসব কথা বলেন। ‘ল ইন প্র্যাকটিস সেমিনার সিরিজে’র অংশ হিসেবে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।
তাহমিনা রহমান বলেন, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় যেসব বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে, তার মধ্যে মুক্ত মতপ্রকাশের বাধা দূর করা ও যেকোনো হস্তক্ষেপ থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন। সাংবাদিকেরা প্রায়ই মানহানি ও হয়রানিমূলক মামলার শিকার হচ্ছেন। ২০১৬ সালে করা মোট ৮৯টি মানহানি মামলা হয়েছে, যার ৬৬টি ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে। ১৯৯৫ সাল থেকে এ পর্যন্ত ৫১ জন সাংবাদিক ও ব্লগার খুন হয়েছেন। এসব মামলার মাত্র দুটি নিষ্পত্তি হয়েছে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তাহমিনা রহমান নারী সাংবাদিকদের স্বাধীনতার বিষয়ে জোর দেন। তিনি বলেন, ‘গণমাধ্যমে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু তাঁদের নিরাপদ, সুরক্ষিত ও সক্রিয় পরিবেশ নেই। গুটি কয়েক গণমাধ্যমে নারী নির্যাতন প্রতিরোধ কমিটি আছে। গণমাধ্যম ও রাষ্ট্রে নারীর প্রতি বৈষম্য, ভীতি প্রদর্শন ও হয়রানি থেকে মুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।’
সেমিনারে সভাপতিত্ব করেন জেড আই খান পান্না। সঞ্চালনা করেন ব্লাস্টের নির্বাহী পরিচালক সারা হোসেন। সেমিনারে আইনজীবী, সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও মানবাধিকারকর্মীরা অংশ নেন।