'মতামত থাকলে নেত্রীর কাছে পাঠাতে পারেন'
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে অনেকের মতামত থাকতে পারে। আপনাদের মতামত থাকলে নেত্রীর (প্রধানমন্ত্রী) কাছে পাঠাতে পারেন। আমাদের নেত্রী মেয়র প্রার্থী ঘোষণা করবেন। আর মনোনয়ন যিনি পাবেন তাঁর জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। কিন্তু মশারির ভেতরে মশারি খাটাবেন না। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবেন না। একটা খারাপ কাজ আপনার দশটা ভালো অর্জনকে ম্লান করে দেবে।’
১৪ দলের পদযাত্রা উপলক্ষে গতকাল বুধবার বিকেলে চট্টগ্রামের লালদীঘি মাঠে আয়োজিত সমাবেশে সেতুমন্ত্রী এসব কথা বলেন। গতকাল তাঁর বক্তৃতার সময় ছাত্রলীগের কিছু কর্মী গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হন। এ সময় ওবায়দুল কাদের বক্তৃতা থামিয়ে দিয়েছিলেন।
চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত নুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কামরুল ইসলাম, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় নেতা অশোক ধর প্রমুখ। পরে লালদীঘি মাঠ থেকে পদযাত্রা চট্টগ্রাম প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
দেশের চলমান অবস্থা সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, আজ বাতাসে রক্তের গন্ধ, ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। বোমার আগুনে পুড়ছে শিক্ষাব্যবস্থা-বাংলাদেশের ভবিষ্যৎ। এভাবে সহিংসতা চলতে থাকলে সংলাপের পথ সংকুচিত হয়ে আসে। সংলাপ ও সহিংসতা একসঙ্গে চলতে পারে না।
সরকারের সাফল্যের চিত্র তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী জুনের মধ্যে সাড়ে চার থেকে পাঁচ ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রামে সড়কপথে পৌঁছা যাবে। জুনের মধ্যেই আমরা চার লেন রাস্তার কাজ শেষ করছি।’