'মধ্য জীবনমানের দেশ হতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেছেন, মধ্য আয়ের দেশ হলেই শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে—এমন ধারণা সঠিক নয়। তিনি বলেন, মধ্য আয়ের নয়, ‘মধ্য জীবনমানের’ দেশ হতে হবে।
গতকাল শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পিকেএসএফের উদ্যোগে আয়োজিত ‘দারিদ্র্য জনগোষ্ঠীর পুষ্টি নিরাপত্তা’ শীর্ষক সেমিনারে কাজী খলীকুজ্জমান এসব কথা বলেন। তিনি বলেন, বিশ্বব্যাংক মধ্য আয়ের দেশ হওয়ার ধারণাটি দেয়। অথচ বিশ্বে মধ্য আয়ের অনেক দেশই এখন সবচেয়ে দরিদ্র।
সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ কায়কাউস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজমা শাহীন ‘দারিদ্র্য জনগোষ্ঠীর জন্য খাদ্য নিরাপত্তা’ শীর্ষক দুটি প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধগুলোতে বলা হয়, পুষ্টির জন্য শুধু খাদ্যশস্যের ওপর নির্ভর না করে অন্যান্য খাদ্যের উৎপাদন বাড়াতে হবে। আলোচনা সভায় বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব এম নিয়াজউদ্দিন মিয়া, পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম।