বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, মধ্যবিত্তের বিকাশের সঙ্গে মুদ্রা সংগ্রহের একটা সম্পর্ক আছে। ভালো স্বাস্থ্য ও পর্যাপ্ত অর্থ থাকলে মধ্যবিত্ত শখের চর্চা করে, তার সাহিত্যে চর্চাও বাড়ে।গতকাল শুক্রবার সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পশ্চিম পাশে জিপিওর ঢাকা ভবনের সম্মেলনকক্ষে দুই দিনব্যাপী মুদ্রা প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ নিউমিসম্যাটিক কালেক্টরস সোসাইটি নামের একটি সংগঠন এ প্রদর্শনীর আয়োজন করেছে।আতিউর রহমান বলেন, ইতিহাসের সঙ্গে মুদ্রার সম্পর্ক খুব নিবিড়। মুদ্রা সংগ্রহ করা ইতিহাসের খড়-কুটো সংগ্রহ করার মতোই একটি শখ। তিনি বলেন, একসময় মুদ্রা সংগ্রহকে ‘রাজার শখ’ বলা হতো, বর্তমানে এটিকে ‘শখের রাজাও’ বলা হয়। ইউরোপ-আমেরিকাতে এ শখটি যথেষ্ট জনপ্রিয়। বাংলাদেশেও এ শখের শৌখিন পৃষ্ঠপোষক দেখা যায়। আতিউর রহমান বলেন, দুই টাকা ও এক টাকার মুদ্রায় জাতির জনকের ছবি, প্রতিকৃতি সংযোজন করা হয়েছে। এ ছাড়া বিজয়ের ৪০ বছর পূর্তি, রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী, কবি নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার ৯০ বছর পূর্তি উপলক্ষে স্মারক মুদ্রা এবং ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তি উপলক্ষে স্মারক নোট মুদ্রণ করা হয়েছে। বাংলাদেশ নিউমিসম্যাটিক কালেক্টরস সোসাইটির সভাপতি অমলেন্দু সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক নায়েব দেলোয়ার হোসেন। অন্যদের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক এম এ কাশেম প্রমুখ বক্তব্য দেন।২০০৮ সালে কয়েকজন শৌখিন মুদ্রা সংগ্রহকারীকে নিয়ে বাংলাদেশ নিউমিসম্যাটিক কালেক্টরস সোসাইটি গঠিত হয়। সংগঠনের ১২ জন সদস্য ও সংগ্রাহকের মুদ্রা নিয়ে প্রথমবারের মতো এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে সবচেয়ে দুর্লভ মুদ্রা দিল্লির সুলতানি, মোগল ও পাঞ্চমার্ক মুদ্রা দর্শনার্থীদের আকর্ষণ করে। সম্রাট জহির উদ্দিন বাবর থেকে নাসির উদ্দিন হুমায়ুন ও মোহাম্মদ গোরির শাসনামলের বিভিন্ন ধাতব মুদ্রা প্রদর্শন করা হয়। এ ছাড়া বিশ্বের বিভিন্ন অবলুপ্ত দেশের মুদ্রা, অপ্রচলিত মুদ্রা, ত্রুটিপূর্ণ নোট ও ছিদ্রযুক্ত মুদ্রা, বিভিন্ন দেশে পাখি ও প্রাণীর ছবিযুক্ত নোটও মুদ্রা, বিভিন্ন দেশের পলিমার ব্যাংক নোট, ব্রিটিশ ভারতীয় মুদ্রা, প্রিন্সলি স্টেট মুদ্রা এবং নানা আকৃতির ইসলামি মুদ্রাও আছে। প্রদর্শনীতে স্থান পাওয়া চীনের ছুরি আকৃতির মুদ্রা, স্পোর্টস কার, মোটরসাইকেল, গিটার ও বিভিন্ন প্রাণীর আকৃতির মুদ্রা দর্শনার্থীদের বাড়তি নজর কেড়েছে।দুই দিনব্যাপী এই প্রদর্শনী আগামীকাল বিকেল পাঁচটায় শেষ হবে। সকাল ১০টা থেকে প্রদর্শনী উন্মুক্ত থাকবে।