'মধ্যরাতে বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটিয়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলে গভীর রাতে আওয়ামী লীগদলীয় পুলিশ ও ক্যাডাররা হামলা করে শত শত হেফাজতের কর্মীকে হত্যা করেছে। এটা ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত ও নির্মম হত্যাকাণ্ড। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে রাতের অন্ধকারে মানুষ হত্যা করেছে, এই ঘটনা তাঁকেও হার মানিয়েছে।

রাজধানীর মতিঝিলে ‘পুলিশ ও আওয়ামী লীগের ক্যাডারদের হামলায় নিহত হেফাজত’ কর্মীদের স্মরণে ও হরতালের সমর্থনে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বিকেলে এক সমাবেশে এ কথা বলেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। নগরের বিআরটিসি মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আমীর খসরু বলেন, সরকার শুধু মানুষ হত্যা করেই ক্ষান্ত হয়নি, শত শত লাশ গুম করেছে। এই বর্বর ও নির্মম হত্যাকাণ্ডের জন্য সরকারকে একদিন জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। যারা শত শত নিরীহ হেফাজত কর্মীদের হত্যা করেছে, তাদের বিচার হবে। আওয়ামী লীগের কর্মীরা প্রকাশ্যে অস্ত্র হাতে নিরীহ লোকদের গুলি করেছেন, দোকানপাট ও ব্যবসাকেন্দ্রে অগ্নিসংযোগ করেছেন।

গতকাল বিকেল চারটায় নগরের কাজীর দেউড়ি মোড়ে নিহত হেফাজতের কর্মীদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এরপর নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে আমীর খসরুর নেতৃত্বে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিআরটিসি মোড়ে এসে শেষ হয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির নেতা আসলাম চৌধুরী, এ এম নাজিম উদ্দিন, সামশুল আলম, শাহদাৎ হোসেন, মাহবুবুর রহমান, আবু সুফিয়ান, জামায়াতের নেতা মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ উল্লাহ প্রমুখ।