'মন চায় এক দিনেই ব্রিজ বানাই'
‘বেকার হমু তো কী হইছে। মন চায় এক দিনেই ব্রিজ বানাই।’ মাথা বেয়ে টপটপ করে ঘাম পড়ছে গরম বালুর ওপর। জাজিরা প্রান্তে ভাদ্রের দুপুরে ভ্যাপসা গরমে পদ্মা সেতুর পিলারের মোটা মোটা রড বাঁধতে বাঁধতে বলছিলেন বাবুল হোসেন।
গত ২৩ আগস্ট সরেজমিনে দেখা যায়, পদ্মা সেতু প্রকল্পে বেশ কয়েক মাস ধরে কাজ করছেন ২০ বছরের এই যুবক। মাসে বেতন সাড়ে নয় হাজার টাকা। সেতুর কাজ শেষ হলেই বিদায়। তখন আবার নতুন করে কাজের সন্ধানে নামতে হবে বাবুলকে। তাই বলে সেতুর কাজে অলস বসে থাকেন না তিনি। সেতুর বুকে যানবাহন চলাচল শুরু হলে আরও ভালো চাকরি পাবেন—এমন আশায় বুক বাঁধছেন তিনি।
বাবুলের বাড়ি শরীয়তপুরে। পদ্মা সেতু প্রকল্পের আগে রাজধানী ঢাকায় কাজ করতেন। এখন ভাবছেন, সেতুর কাজ এগোনোর সঙ্গে সঙ্গে এর দুই প্রান্তে নতুন নতুন শিল্প কারাখানা গড়ে উঠবে। তাই ভবিষ্যতে জীবিকা অর্জনে তাঁকে আর ঢাকায় ছুটতে হবে না।
বাবুলের সঙ্গে জাজিরার বালুচরে কাজ করছিলেন শাহীন, ফারুক, আতাউরের মতো যুবকেরা। তবে পদ্মার সেতু বুনন শেষে এঁদের অনেকেই পেশা বদলের চিন্তায় আছেন। আগামী দিন যা-ই হোক না, দিনবদলের জন্য তাঁদের সবাইকে এখন প্রতিদিনই শ্রম দিতে হচ্ছে। শাহীন বলেন, ‘ছুটি বলতে কিছুই নাই। ঈদের দিনও কাজ করছি। আমাগো লগে থাকা চীনা ইঞ্জিনিয়াররা কাজ ছাড়া কিছুই বোঝে না।’
ষাট ছুঁই ছুঁই করা শামসু ফরাজি প্রহরীর কাজ করছেন। তাঁর দায়িত্ব জাজিরায় পদ্মা সেতু প্রকল্পের মাটি পরীক্ষার যন্ত্রপাতি পাহারা দেওয়া। ত্রিপল দিয়ে ঘেরা একটি ঘরে বসে থাকেন তিনি। এ জন্য প্রতিদিন সকাল ছয়টার দিকে কাজে আসেন শামসু ফরাজি। কাজ শেষ করে মাতুরকান্দিতে বাড়ি ফিরতে ফিরতে পেরিয়ে যায় সন্ধ্যা।
শামসু ফরাজি বললেন, ‘আগে মাইনষের খেতে চাষ করতাম। অহন ভারী কাম করতে পারি না। ব্রিজের কামে চার মাস এইখানে আছি। মাসে আমার বেতন আট হাজার টাকা। বেতন-বুতন ঝুঝি না। বুঝি ব্রিজ। ব্রিজ আগে আগে হইলে সব পামু। আমি না পাই, আমার পোলাপানেরা কাম পাইব।’
জাজিরায় বসে শামসু ফরাজির মতো একই ভাবনার ঢেউ দোলা দিয়ে যায় মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মার পাড়ে। সেতু হলে মাওয়া ঘাটের ব্যস্ততা হয়তো আগের মতো থাকবে। যাত্রী আসবেন না স্পিডবোট কিংবা লঞ্চে। তবুও ফল বিক্রেতা লাল মিয়া খলিফা, স্পিডবোটচালক মো. শহীদও দিনবদলের স্বপ্নে বিভোর। সেতু হয়ে গেলে কী করবেন? প্রশ্ন করতেই সত্তর বছরের লাল মিয়া খলিফা রেগে বলে ওঠেন, ‘মাওয়ায় ঘাট হওনের আগে কি খাই নাই, কাম করি নাই! আমাগো দরকার ব্রিজ।’
পদ্মা সেতু হলে পোশাকের দোকান গড়বেন জানিয়ে স্পিডবোটচালক মো. শহীদ বলেন, ‘বোট চালাইয়া প্রতিদিন চার শ টাকা পাই। নদীতে তুফান উঠলে জানেরও রিস্ক (ঝুঁকি) থাকে। ব্রিজ হইলে এখানে অনেক কারখানা হইব। মানুষ বাড়ব। তখন জামাকাপড়ের বিক্রিও বাড়ব। আমি টেইলারের কাম পারি। তহন একটা কাপড়ের দোকান দিমু।’