'মন চায়, কিন্তু খাতি পারি না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন মুক্তামণি l প্রথম আলো
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন মুক্তামণি l প্রথম আলো

মুক্তামণি তার বালিশের কাছে থাকা মোবাইল থেকে ফোন করে বাবার কাছে একেকদিন একেকটা বায়না করে। খাবারের মধ্যে পছন্দের তালিকায় আছে গরুর মাংস, বিরিয়ানি, আঙুর, কমলা লেবু, আইসক্রিম...। বেশির ভাগ সময় বায়না করে ঠিকই, কিন্তু শরীরটা খারাপ থাকায় খেতে পারে না।

মুক্তামণি বলে, ‘মন চায়, কিন্তু খাতি পারি না।’ দুই দিন আগের বায়নার কথা উল্লেখ করে জানালো, সে তার বাবাকে আইসক্রিম আনতে বলেছে। বাবা আইসক্রিম এনেছেন। কিন্তু আইসক্রিমের ফ্লেভার পছন্দ হয়নি বলে খেতে পারেনি।

মুক্তামণি আফসোস করছিল তার বায়নার জন্য বাবার ১০০ টাকা খরচ হলো। মঙ্গলবারও গরুর মাংস দিয়ে ভাত খেতে চেয়েছিল। বাবা বাইরে থেকে কিনে এনেছিলেন, কিন্তু মজা লাগেনি।

মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কেবিনে কথা হয় বিরল চর্মরোগে আক্রান্ত মুক্তামণির সঙ্গে। রক্ত দেওয়ার জন্য এক হাতে সুচ লাগানো। নিজেই বলল, শরীরটা ভালো না। কোনো কিছুই ভালো লাগে না। একটু পরপর নিজের পাদিয়ে ব্যান্ডেজ করা হাত চুলকানোর চেষ্টা করছিল। যখন কোনো অবস্থাতেই ভালো লাগছিল না, তখন মা আসমা খাতুনকে ডেকে শরীরের বিভিন্ন জায়গায় চুলকাতে বলছিল। শরীরে রক্ত দেওয়ার কারণে মুক্তামণি প্রচণ্ড ঘামছিল। কিন্তু বুকের ওপরে থাকা গামছাটা নামালেই হাতের ব্যান্ডেজের ফাঁক দিয়ে প্রচণ্ড গন্ধ বের হয়, তাই তা সরানোও যাচ্ছিল না।

জন্মের দেড় বছর পর থেকে মুক্তামণির ডান হাতের সমস্যার শুরু। প্রথমে হাতে টিউমারের মতো হয়। ছয় বছর বয়স পর্যন্ত টিউমারটি তেমন বড় হয়নি। কিন্তু পরে মুক্তামণির ডান হাতটি ফুলে অনেকটা কোলবালিশের মতো হয়ে যায়। মুক্তামণি বিছানা বন্দী হয়ে পড়ে। সাতক্ষীরা, ঢাকাসহ বিভিন্ন জায়গায় নানান চিকিৎসা চলে। তবে ভালো হয়নি বা ভালো হবে, সে কথা কেউ কখনো বলেননি।

আসমা খাতুন বলেন, কোরবানির ঈদে হাসপাতালে থাকলে মন ভরে মাংস খেতে পারবে না তাই মেয়ে দ্রুত বাড়ি যেতে চাচ্ছে।

সাতক্ষীরার কামারবাইশালের মুদি দোকানি ইব্রাহিম হোসেনের দুই মেয়ে হীরামণি ও মুক্তামণি। তারা যমজ দুই বোন। হীরামণি সম্পূর্ণ সুস্থ থাকলেও মুক্তামণি বিরল রোগে আক্রান্ত। হীরামণি এখন চতুর্থ শ্রেণিতে পড়ছে। মুক্তামণি স্কুল থেকে দ্বিতীয় শ্রেণির বই এনেছিল, কিন্তু তার আর স্কুলে যাওয়া হয়নি।

শরীর খারাপ থাকায় ১২ বছর বয়সী মুক্তামণির মেজাজটা তেমন ভালো ছিল না। দুপুরে তাকে দেখতে আসেন মিরপুরের গ্রামীণ ক্যালিডোনিয়ান কলেজ অব নার্সিংয়ের তৃতীয় বর্ষের কয়েকজন শিক্ষার্থী। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ধাত্রী বিষয়ে ছয় মাসের প্রশিক্ষণ নিচ্ছেন।

মুক্তামণির রোগ নিয়ে সম্প্রতি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। ব্যাপক আলোচনা চলে সামাজিক যোগাযোগমাধ্যমে। ১১ জুলাই মুক্তামণিকে ভর্তি করা হয় বার্ন ইউনিটে। তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামণির চিকিৎসার দায়িত্ব নেন।

বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, মুক্তামণির অস্ত্রোপচারের জন্য সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়ার কথা হয়েছিল। তবে সেখানকার চিকিৎসকেরা ভিডিও কনফারেন্স করে ও বিভিন্ন রিপোর্ট দেখে জানিয়েছেন, তাঁরা মুক্তামণির অস্ত্রোপচার করতে পারবেন না। তবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন। তাই আপাতত সিঙ্গাপুরে পাঠানোর চিন্তাভাবনা বাদ দেওয়া হয়েছে। আগামীকাল বুধবার দেশেই মুক্তামণির অস্ত্রোপচার করা সম্ভব কি না তা নিয়ে একটি বোর্ড বসবে। বোর্ডের সিদ্ধান্তে পরবর্তী কার্যক্রম চলবে।

মুক্তামণির বায়নার কথা বলতেই ইব্রাহিমের চোখে খুশির ঝিলিক। তিনি বললেন, ‘মেয়ে বায়না করে, যত কষ্টই হোক, বায়না না মিটালে শান্তি পাই না। ওর বায়নার জন্য টাকা কেমনে কেমনে জানি ম্যানেজ হয়ে যায়।’