‘মনগড়া’ নকশায় সেতু, দুর্ভোগের আশঙ্কা!
নির্মাণাধীন সেতুর নকশা তৈরিকালে বন্যার পানির উচ্চতা বিবেচনা করা হয়নি। এলাকাবাসীর অভিযোগ, সেতুটি পর্যাপ্ত উঁচু হচ্ছে না। এতে এর নিচের শাখা নদী দিয়ে নৌকা চলাচলে ব্যাঘাতসহ বর্ষায় কয়েকটি গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হবে। সেই আশঙ্কায় এলাকাবাসীর বাধায় প্রায় তিন মাস ধরে কাজ বন্ধ। মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ী-বড়লেখা সড়কের নির্মাণাধীন ‘ভোগতেরা সেতু’র দৃশ্য এটি। সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতবছরের (২০১০) প্রথমদিকে জুড়ী উপজেলার পাবিজুড়ী নদীর শাখার ওপর ৩০ দশমিক ৫০ মিটার দীর্ঘ একটি পিসি গার্ডার সেতু নির্মাণের কাজ শুরু হয়। প্রায় তিন কোটি টাকা ব্যয়ে কাজটি পায় সিলেটের আবদুল হাফিজ লিমিটেড। পরে কাজটির উপ-ঠিকাদারি পান মৌলভীবাজার সদরের বাসিন্দা মো. তারা মিয়া। আগামী ডিসেম্বর মাসের মধ্যে নির্মাণকাজ সম্পন্নের কথা। সরেজমিনে গতকাল বুধবার সকালে গিয়ে দেখা গেছে, সেতুটির গার্ডারের নিচের অংশ ঢালাইয়ের জন্য প্রস্তুত করে রাখা। সংযোগ সড়ক হয়নি। এ ছাড়া সেতুর বাকি কাজ সম্পন্ন হয়ে গেছে। পার্শ্ববর্তী বিকল্প বেইলি সেতু দিয়ে ঝুঁকি নিয়ে যান চলাচল করছে।জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় ভোগতেরা গ্রামের বাসিন্দা নজমুল ইসলাম ক্ষোভের সঙ্গে বলেন, ‘সওজ বিভাগ পার্শ্ববর্তী মানিকসিংহ বাজারে পাবিজুড়ীর মূল নদীর ওপর নির্মিত সেতুটির সম-উচ্চতায় এটি (ভোগতেরা সেতু) করতে পারত। সেতুটি ডিজাইনে দেওয়া উচ্চতা থেকে কমপক্ষে আরও চার ফুট উঁচু করা দরকার।’নাম প্রকাশ না করার শর্তে সওজ অধিদপ্তরের এক কর্মকর্তার ভাষ্যমতে, সেতুটির নকশা তৈরিকালে বন্যার পানির উচ্চতা বিবেচনায় আনা হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিদের ‘মনগড়া’ নকশার কারণেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।সওজ অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত এলাকাবাসীর বাধায় কাজ বন্ধের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নকশা তৈরিকালে আমি এখানে দায়িত্বে ছিলাম না। তাই এ বিষয়ে কোনো মন্তব্য করব না। আবার কাজ শুরু করতে সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে।’ঠিকাদার মো. তারা মিয়া চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে জানান, এলাকার লোকজন ক্ষুব্ধ। এ অবস্থায় কীভাবে কাজ শুরু করবেন সেটা নিয়ে তাঁরা চিন্তিত।