'মনজুর আবার মেয়র হলে আন্দরকিল্লায় পানি উঠবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফিশারিঘাট এলাকায় গতকাল দুপুরে গণসংযোগ করেন আওয়ামী লীগ–সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন l ছবি: প্রথম আলো
চট্টগ্রামের ফিশারিঘাট এলাকায় গতকাল দুপুরে গণসংযোগ করেন আওয়ামী লীগ–সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন l ছবি: প্রথম আলো

বিএনপি-সমর্থিত প্রার্থী মোহাম্মদ মনজুর আলমকে ব্যর্থ দাবি করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বৃষ্টি হলে চট্টগ্রামের অনেক এলাকা গলাপানিতে ডুবে থাকে। মনজুর আবার মেয়র হলে আন্দরকিল্লায়ও পানি উঠবে। গতকাল শুক্রবার আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের পক্ষে গণসংযোগকালে এ কথা বলেন তিনি।
চট্টগ্রাম সিটি করপোরেশন ভবন আন্দরকিল্লায় অবস্থিত।
জলাবদ্ধতার দুর্ভোগের কারণে ‘নদীর নাম প্রবর্তক মোড়, পানি উঠে এক কোমর’ মানুষ এমন কৌতুকও করেন বলে জানান হাছান মাহমুদ।
আন্দরকিল্লা ও ফিরিঙ্গিবাজার এলাকায় গণসংযোগকালে আ জ ম নাছির উদ্দিন ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘নগরের যত্রতত্র ময়লা-আবর্জনা পড়ে থাকে। দুর্গন্ধের কারণে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। গত পাঁচ বছর মনজুর আলম এসব এলাকার খবর নেননি।’
হাছান মাহমুদ সাবেক মেয়রের সমালোচনা করে বলেন, ‘মনজুর আলম নাকি সৎ মানুষ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাঁকে ট্রাক টার্মিনাল করার জন্য ১১৭ কোটি টাকা দিয়েছিল। সেই টাকায় মনজুর টার্মিনাল করেননি। এ টাকা কোথায় গেল? এটাই কি মনজুর আলমের সততা?’
নগর আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম বিএসসিও বলেন, চট্টগ্রামের প্রধান সমস্যা জলাবদ্ধতা। এই সমস্যা সমাধানে আগের মেয়র কিছু করতে পারেননি। যদি পানির নিচে থাকতে না হয়, পরিচ্ছন্ন নগর দেখতে চাইলে আ জ ম নাছির উদ্দিনকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
গণসংযোগকালে নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, নগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সালাহউদ্দিন, অ্যাডভোকেট চন্দন বিশ্বাস, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটন প্রমুখ উপস্থিত ছিলেন।