‘মনডা কয়, ভোটটা পচায়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিনের মতো গত মঙ্গলবার খুব ভোরে বগুড়া শহরে রিকশা নিয়ে বেরিয়েছিলেন মন্টু মিয়া (৩৪)। ভোররাতে রহমাননগর থেকে একজন যাত্রী নিয়ে চারমাথা টার্মিনালে যাচ্ছিলেন তিনি। পথে বাদুরতলা এলাকায় পিকেটাররা তাঁর রিকশা আটকায়। যাত্রী নামিয়ে দেওয়ার পরও কয়েকজন পিকেটার রিকশাটি ভাঙচুর করে। হতাশ মনে রিকশা নিয়ে গ্যারেজে ফিরছিলেন মন্টু।কামারগাড়ি রেলগেটে কথা হয় তাঁর সঙ্গে। গাবতলী উপজেলার সাঘাটিয়া গ্রামের এই রিকশাচালক আক্ষেপ করে বলেন, ‘এক দিন রিকশা না চলালে বউ-ছলগুলাক না খ্যায়া থাকা লাগবি। হরতাল দিয়্যা হামাকেরে প্যাটত লাত্তি মারেই কেউ খুশি।’ তিনি আরও বলেন, ‘ভোটের আগে সবাই মিষ্টি কতা কয়্যা ভোট লেয়। ভোটে জিতার পর একদল জিনিসপত্রের দাম হু হু করে বাড়ে দেয়। আরেক দল হরতাল-অবরোধ দেয়। সগলিই সমান। হামাগেরে মতো গরিবের প্যাটের চিন্তা কেউ করে না। মনডা কয়, ভোটটা না দিয়ে পচায়।’দরিদ্র এই রিকশাচালকের মতোই আক্ষেপ দরজি শহীদুল ইসলামের। তিনি বলেন, ‘শহরের ফতেহ আলী মাজার সড়কে মশারি সেলাই করে সংসার চলে। হরতালের কারণে দোকান বন্ধ। এখন গোটা পরিবার উপোস থাকতে হবে।’স্টেশন সড়কে কথা হয় শ্রমিক সাজাহান আলীর সঙ্গে। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারে থাকলে হরতালের বিরুদ্ধে কথা বলে, বিএনপি সরকারে থাকলেও হরতালের বিপক্ষে কথা বলে। কিন্তু দুই দল বিরোধী দলে গেলেই হরতাল দেয়। কেউ কথা রাখে না।’ চাঁদনীবাজার এলাকার ফলের দোকানি আবুল কালাম বলেন, ‘সারা দিন ব্যবসাপাতি করে ৩০০-৪০০ টেকা লাভ হয়। হরতালে দোকান খুলতে পারিনি; ব্যবসাও বন্ধ। বাড়িতে বউ-ছল না খ্যায়া থাকপি।’