'মনভরে উপভোগ করি কর্ণফুলীর রূপমাধুরী'
কর্ণফুলী নদীকে দূষণ ও দখলমুক্ত করা, নদীপাড়ের সৌন্দর্য বৃদ্ধি এবং সেখানে নিরাপদ নৌ-ভ্রমণের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে জলাশয় ও জলাধার রক্ষা কমিটি। ‘মনভরে উপভোগ করি, কর্ণফুলীর রূপমাধুরী’—এই স্লোগান নিয়ে গতকাল শুক্রবার বিকেলে কর্ণফুলীর নদীর তীরে অভয় মিত্র ঘাটে মানববন্ধন ও সমাবেশ করে সংগঠনটি। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার লোক অংশ নেন।
সংগঠনের আহ্বায়ক চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর রেহানা বেগম সমাবেশে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন আইনজীবী রানা দাশগুপ্ত, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম, ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ, নারী কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ, আইনজীবী বিশ্বজিৎ দাশ, শুভাগত চৌধুরী, নারীনেত্রী সালমা জাহান প্রমুখ।
সমাবেশে রানা দাশগুপ্ত বলেন, ‘প্রকৃতির অপার সৃষ্টি কণর্ফুলী নানাভাবে আমাদের ঋদ্ধ করছে। দেশের অর্থনীতিতে অবদান রাখছে এই নদী। প্রতিনিয়ত কর্ণফুলীর রূপ-সৌন্দর্য চট্টগ্রামসহ সারা দেশের মানুষ যেন মনভরে উপভোগ করতে পারে সে জন্য চট্টগ্রামের মেয়র, বন্দর কর্তৃপক্ষ, প্রশাসনসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।’
চট্টগ্রাম বন্দর সদস্য মো. জাফর আলম বলেন, কর্ণফুলীর ড্রেজিং এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রায় ২০ কোটি টাকার কাজ চলছে। এই কাজ শেষ হলে সারা দেশের মানুষ কর্ণফুলীর নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে পারবে। নিরাপদ নৌ-ভ্রমণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
সমাবেশে জলাশয় ও জলাধার রক্ষা কমিটির আহ্বায়ক রেহানা বেগম বলেন, কর্ণফুলীর সৌন্দর্য উপভোগ করতে গিয়ে ভ্রমণপিপাসুরা লাঞ্ছনা ও হেনস্থার মুখে পড়ছেন। নদীর তীরে বেড়াতে এসে লোকজন ছিনতাইয়ের শিকার হচ্ছেন। কর্ণফুলীকে একটি নিরাপদ, নান্দনিক ও দেশসেরা বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, কর্ণফুলীকে দূষণ ও দখল থেকে মুক্ত করতে হবে। কারণ, কর্ণফুলী নদী বাঁচলে চট্টগ্রাম বন্দর বাঁচবে। বন্দর বাঁচলে দেশের অর্থনীতির চাকা সচল থাকবে।