'মনভরে উপভোগ করি কর্ণফুলীর রূপমাধুরী'
কর্ণফুলী নদীকে দূষণ ও দখলমুক্ত করা, নদীপাড়ের সৌন্দর্য বৃদ্ধি এবং সেখানে নিরাপদ নৌ-ভ্রমণের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে জলাশয় ও জলাধার রক্ষা কমিটি। ‘মনভরে উপভোগ করি, কর্ণফুলীর রূপমাধুরী’—এই স্লোগান নিয়ে গতকাল শুক্রবার বিকেলে কর্ণফুলীর নদীর তীরে অভয় মিত্র ঘাটে মানববন্ধন ও সমাবেশ করে সংগঠনটি। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার লোক অংশ নেন।
সংগঠনের আহ্বায়ক চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর রেহানা বেগম সমাবেশে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন আইনজীবী রানা দাশগুপ্ত, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য মো. জাফর আলম, ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ, নারী কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ, আইনজীবী বিশ্বজিৎ দাশ, শুভাগত চৌধুরী, নারীনেত্রী সালমা জাহান প্রমুখ।
সমাবেশে রানা দাশগুপ্ত বলেন, ‘প্রকৃতির অপার সৃষ্টি কণর্ফুলী নানাভাবে আমাদের ঋদ্ধ করছে। দেশের অর্থনীতিতে অবদান রাখছে এই নদী। প্রতিনিয়ত কর্ণফুলীর রূপ-সৌন্দর্য চট্টগ্রামসহ সারা দেশের মানুষ যেন মনভরে উপভোগ করতে পারে সে জন্য চট্টগ্রামের মেয়র, বন্দর কর্তৃপক্ষ, প্রশাসনসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।’